Bankura: শেষমেশ রাতের অন্ধকারে এসি খুলে নেওয়ার অভিযোগ! গ্রেফতার তৃণমূল নেতা | Bankura TMC Leader arrested after FIR filed against him for taking away AC machine
মুকুটমনিপুর: গত কয়েকদিনে তৃণমূল নেতাদের বিরুদ্ধে হরেকরকম অভিযোগ উঠেছে। কারও বিরুদ্ধে কোটি টাকা ‘তোলা’ নেওয়ার অভিযোগ, কারও বিরুদ্ধে জমি দখলের। কেউ আবার কাঁড়ি কাঁড়ি ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগে শ্রীঘরে জায়গা পেয়েছেন। তাই বলে রাতের অন্ধকারে আস্ত এসি চুরি! সরকারি জায়গা থেকে এসি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতা উত্তম কুম্ভকারকে।
বাঁকুড়ার রানিবাঁধ এলাকার ঘটনা। সরকারি পার্ক থেকে একাধিক শীতাতপ যন্ত্র বা এয়ার কন্ডিশন মেশিন চুরির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের বাঁকুড়ার রানিবাঁধের প্রাক্তন ব্লক সভাপতি উত্তম কুম্ভকার। মঙ্গলবার রাতে তাঁর নির্দেশেই ওই পার্ক থেকে দুই ব্যক্তি এসি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনার কথা জানার পরই মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদের তরফে খাতড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ উত্তম কুম্ভকারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে থানায় তলব করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত তৃণমূল নেতাকে বুধবার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে তাঁকে একদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকবছর ধরে মুকুটমনিপুর এলাকায় থাকা সরকারি একটি শিশু উদ্যান ও সংলগ্ন একটি লজ চুক্তির ভিত্তিতে চালিয়ে আসছিলেন তৃণমূলের রানিবাঁধ ব্লকের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি উত্তম কুম্ভকার। রাজ্যে পালাবদলের পর গত ২২ জুন ওই শিশু উদ্যান বন্ধের নোটিস জারি করে মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদ।
অভিযোগ, শিশু উদ্যান বন্ধের নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার দুই ব্যক্তি শিশু উদ্যান থেকে শীতাতপ যন্ত্র খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সূত্র মারফত মুকুটিমনিপুর উন্নয়ন পর্ষদ বিষয়টি জানতে পারে। উত্তম কুম্ভকারের নির্দেশেই ওই দুই ব্যক্তি শীতাতপ যন্ত্র খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এরপরই উত্তম কুম্ভকারের বিরুদ্ধে খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যোগসাজসের প্রমাণ পেয়ে তাঁকে গ্রেফতার করে খাতড়া থানার পুলিশ।
ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে গোটা ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ধৃত তৃণমূল নেতার আইনজীবী।