Ras Laffan Blast: একটা বিস্ফোরণেই বাড়ল বিশ্বজুড়ে আতঙ্ক! ফের কি আকাশছোঁয়া হবে গ্যাসের দাম? | Massive Explosion in Qatar’s Ras Laffan, At Least 54 Injured, Fears of Fresh Global Gas Crisis, Prices May Rise
রাস লাফানে ভয়ঙ্কর বিস্ফোরণ।Image Credit: X
কাতার: এলএনজি প্রসেসিং কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ। কাতারের রাস লাফানে (Ras Laffan) গ্যাস উৎপাদন কেন্দ্র এই ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৫৪ জন শ্রমিক। এখনও নিখোঁজ ১৮ জন। সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রীই এই তথ্য জানিয়েছেন।
কাতার তথা মধ্য প্রাচ্যেরও সবথেকে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও শোধনাগার রাস লাফান (Ras Laffan)। বিশ্বের বহু দেশেই এই কেন্দ্র থেকে তেল ও জ্বালানি সরবরাহ করা হয়। সেখানেই রবিবার একটি ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। মোট ৫৪ জন আহত হয়েছেন। ১৮ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে।
কাতারের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, ফ্যাক্টরির ভিতরে বিস্ফোরণ হয়েছে। কোনও প্রযুক্তিগত ত্রুটি বা সমস্যার কারণে এই বিস্ফোরণ হয়েছে। যুদ্ধ বা হামলার জেরে বিস্ফোরণ নয় এটি।
Katar
Ras Laffan patlaması pic.twitter.com/vUzQ2FMc0f
— lt col temmuz (@temmuz1919) June 21, 2026
কাতার এনার্জির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বারজান নামক একটি স্থানীয় গ্যাস সাপ্লাই ফেসিলিটিতে কাজ শুরু করার সময় আচমকা বিস্ফোরণ হয় এবং সেখান থেকে আগুন ধরে যায়। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও আন্দাজ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে অল্প কয়েকজন আহত হয়েছেন বলে মনে করলেও, পরে আহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। সেই কারণেই আশঙ্কা যে বিস্ফোরণে হয়তো বড়সড় ক্ষতি হয়েছে।
রাফ লাফান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে এই বিস্ফোরণের জেরে গোটা বিশ্বই চাপের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই ইরান-আমেরিকা যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব জুড়ে তেল ও জ্বালানি সরবরাহ ব্যাপক প্রভাবিত হয়েছে। তার উপরে রাফ লাফানে বিস্ফোরণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রভাবিত হতে পারে। যুদ্ধের জেরে কাতার গ্যাস উত্তোলন বন্ধ রেখেছে কারণ গত মার্চ মাসেই ইরানের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই ক্ষয়ক্ষতি পূরণ হতে এবং নতুন করে পুরো মাত্রায় উৎপাদন শুরু করতে দুই থেকে পাঁচ বছর সময় লেগে যেতে পারে বলেই জানানো হয়েছিল।