শ্লীলতাহানি, তোলাবাজির দায়ে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা - 24 Ghanta Bangla News
Home

শ্লীলতাহানি, তোলাবাজির দায়ে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা

Spread the love

এই সময়, বর্ধমান: তোলাবাজি, শ্লীলতাহানি-সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে রায়না-১ ব্লকের তৃণমূল সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ। বামদেবের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে তার এক সঙ্গী শেখ কাজলকে। ধৃতদের রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক দু’জনকেই পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগের সরকারের আমলে এলাকায় তৃণমূলের দাপুটে নেতা বলেই পরিচয় ছিল বামদেবের।

বেশ কিছু দিন আগেই বামদেবের বিরুদ্ধে বামুনিয়া এলাকার এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন রায়না থানায়। আরও বেশ কিছু অভিযোগও আগেই দায়ের হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রায়নারই জাকতা এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে বামদেবকে। রবিবার সকালে থানা থেকে মুখ ঢেকে বামদেবকে পুলিশ আদালতে নিয়ে যায়। সেই সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি কিছু বলব না। বলে কোনও লাভ হবে না।’

অন্য দিকে, এ দিন অভিযোগকারী ওই মহিলা দাবি করেন, ‘একবার এই বামদেব মণ্ডল দাঁড়িয়ে থেকে ওর সঙ্গী বাপ্পা মির্জাকে দিয়ে আমার উপরে অত্যাচার চালিয়েছিল। আমার বুক আর পিঠ ব্লেড দিয়ে কেটে দিয়েছিল। শাড়ি খুলে নিয়েছিল। এ বারও ভোটের আগে আমাকে হুমকি দিয়েছিল, এক লাখ টাকা দিতে হবে। আমার মেয়েকে ওরা আমার থেকেও খারাপ অবস্থা করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল।’ তিনি আরও বলেন, ‘ওই বামদেব বলেছিল, রাতে ঘুমাবি ঘরে, সকালে ছাই হয়ে তোদের দেহ বের হবে। ৩০ হাজার টাকা জমানো ছিল, হাতে-পায়ে ধরে সেই টাকা দিয়েও অত্যাচারের হাত থেকে রেহাই পাইনি। আজ শান্তি হলো। আমি চাই ওর কঠোর শাস্তি হোক।’

উল্লেখ্য, রায়নায় নির্বাচনী প্রচারে এসে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘এই এলাকায় একজন বড় বালি মাফিয়া আছে। তার নাম বামদেব মণ্ডল। যিনি মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলেছেন, এখানে দাদার নয়, দিদির অনুগামী হয়ে থাকতে হবে। সরকার যদি পরিবর্তন হয়, এই তোলাবাজ-দুর্নীতিবাজ বামদেব মণ্ডলকে জেলের পিছনে পাঠানো ঠেকাবে, এমন ক্ষমতা কারও নেই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *