পুরুষদের সুখ নাকি সহ্য হয় না মহিলাদের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তত্ত্বের আদৌ কোনও যুক্তি আছে? কী বলছেন বিশেষজ্ঞরা
সংসারে সুখের চাবিকাঠি নাকি নারীর হাতেই থাকে!— এমন কথা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি। কিন্তু ডিজিটাল যুগে সম্পর্কের ব্যাকরণটা রোজই একটু একটু করে বদলে যাচ্ছে। ভালোলাগা, ভালোবাসা আর দাম্পত্যের চেনা সমীকরণে মাঝেমধ্যেই এমন কিছু নতুন তত্ত্ব উঠে আসে, যা সমাজকে রীতিমতো চমকে দেয়। তেমনই এক অদ্ভুত দাবি করে এ বার নেটপাড়ায় তুমুল বিতর্কের ঝড় তুলেছেন এক রিলেশনশিপ এক্সপার্ট। তাঁর দাবি, পুরুষরা যখন খুব শান্তিতে বা সুখে থাকেন, তখনই নাকি মহিলারা তাঁদের উপর ‘আক্রমণ’ করেন!
শুনতে খটকা লাগলেও এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই নতুন খবরের কথা। ওই সম্পর্ক বিশেষজ্ঞের তৈরি করা থিয়োরি বা তত্ত্ব নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় পুরোদমে চর্চা চলছে। একদিকে যেমন একদল পুরুষ এই দাবির সপক্ষে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন, অন্যদিকে তেমনই ক্ষোভে ফেটে পড়েছেন মহিলা নেটিজ়েনদের একটা বড় অংশ। সম্পর্ক ভালো রাখার উপায়ের খোঁজে যেখানে রোজ নতুন নতুন গবেষণা হচ্ছে, সেখানে এমন এক তত্ত্ব স্বভাবতই জলঘোলা শুরু করেছে।