Arup Biswas: কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন? শোকজের জবাব দিয়ে বিস্ফোরক অরূপ | Arup Biswas Replies to TMC Show Cause Notice, Makes Explosive Claims Over Party Funds
শোকজের জবাবে চিঠিতে কী লিখলেন অরূপ বিশ্বাস?Image Credit: TV9 Bangla
কলকাতা: তৃণমূলের টাকা ফ্রিজ করার জন্য ব্যাঙ্কে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠির প্রেক্ষিতে ব্যবস্থাও নেয় ব্যাঙ্ক। এরপরই তাঁকে শোকজ করে ঘাসফুল শিবির। সেই শোকজের এবার জবাব দিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। কড়া জবাব দিয়ে তিন পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে একাধিক বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অরূপের চিঠিতে আরও বিড়ম্বনায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।
চিঠিতে কী লিখেছেন অরূপ বিশ্বাস?
তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ। শোকজের জবাবে লেখা তিন পাতার চিঠিতে ছত্রে ছত্রে দলকে তুলোধনা করেছেন তিনি। সূত্রের খবর, চিঠিতে অরূপ লিখেছেন, কোনও তথ্য না দিয়েই বিভিন্ন সময়ে চেকে সই করিয়ে নেওয়া হয়েছে। কোথায় টাকা গিয়েছে, কেন টাকা নেওয়া হচ্ছে, কিছুই জানানো হয়নি তাঁকে। অর্থাৎ কোষাধ্যক্ষ হয়েও তিনি জানতে পারেননি, দলের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে। চিঠিতে তিনি জানিয়েছেন, দলের তহবিলের টাকা কোন কাজে ব্যবহার হয়েছে, তা তিনি জানেন না।
এইসব কারণেই তিনি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন বলে শোকজের জবাবে জানিয়েছেন অরূপ। টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক বিক্ষুব্ধদের সঙ্গে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। মেসিকাণ্ডে একাধিকবার তলব এড়ানোর পর তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এখন তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছে। তবে শোকজের জবাবে লেখা চিঠিতে অরূপ জানিয়েছেন, তিনি দলেই রয়েছেন।
কী বলছেন কুণাল ঘোষ?
অরূপ বিশ্বাসকে নিয়ে এদিন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আমি এটুকু বলতে পারি, অরূপ বিশ্বাসের সঙ্গে দলের কমিউনিকেশন হয়েছে। বাকিটা দলের ভিতরের ব্যাপার। অরূপ বিশ্বাস বলতে পারবেন। দল বলতে পারবে।” অরূপ ‘মমতার তৃণমূলে’ রয়েছেন কি না জানতে চাওয়ায় কুণাল বলেন, “অরূপ বিশ্বাস দলের বাইরে গিয়েছে বলে তো খবর পাইনি।”