দেশ ধর্মশালা নয়! অনুপ্রবেশ নিয়ে শাহের চড়া সুর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন একটা সময়ে এই মন্তব্য করেছেন, যখন পশ্চিমবঙ্গ–সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খঁুজে বের করার জন্য ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে৷ শাহ একাধিকবার জানিয়েছেন, ভারত সরকারের ঘোষিত নীতি ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’— এই ‘থ্রি ডি’কে সামনে রেখেই চলবে অভিযান৷ বাংলার পাশাপাশি গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু থেকেও অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকের সন্ধান মিলেছে৷ সরকারি পদ্ধতি এবং আইন মেনে এই বাংলাদেশিদের পদ্মাপারে পাঠানো বা পুশ–ব্যাক নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে টানাপড়েনও দেখা দিচ্ছে বেশ কিছু জায়গায়৷ শনিবারও পশ্চিমবঙ্গের একটি সীমান্তবর্তী জেলায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি জায়গায় পুশ–ব্যাক ইস্যুতে বিক্ষিপ্ত উত্তেজনা দেখা দিয়েছে বলে সরকারি সূত্রের দাবি৷ এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাবে ধর্মশালার প্রসঙ্গ তুলে অনুপ্রবেশকারীদের দেশের বাইরে বের করে দেওয়ার কথা বলেছেন, তা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ৷