Narendra Modi Letter to Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে বাংলায় ৫ পাতার চিঠি প্রধানমন্ত্রী মোদীর, কী লিখলেন? | PM Narendra Modi Writes to West Bengal CM Suvendu Adhikari, Praises BJP Government’s Early Initiatives - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi Letter to Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে বাংলায় ৫ পাতার চিঠি প্রধানমন্ত্রী মোদীর, কী লিখলেন? | PM Narendra Modi Writes to West Bengal CM Suvendu Adhikari, Praises BJP Government’s Early Initiatives

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla

কলকাতা: বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতায় আসার পরপরই একাধিক সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন রাজ্য সরকার। নতুন সরকারের দেড়মাস এখনও হয়নি। এরই মধ্যে রাজ্য সরকার যেসব পদক্ষেপ করেছে, তার প্রশংসা করে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ দিনের সফরে শনিবার বাংলায় এসেছেন তিনি। প্রথম দিন তারকেশ্বরে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রীকে বাংলায় পাঁচ পাতার চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ দিবস থেকে রাজ্য সরকারের পদক্ষেপগুলির উল্লেখ করেছেন মোদী।

চিঠিতে কী লিখলেন প্রধানমন্ত্রী?

এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তাঁর তারকেশ্বরে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা চিঠির প্রথমেই উল্লেখ করেছেন মোদী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ দিবসে, আমি পশ্চিমবঙ্গের প্রতিটি বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রণাম জানাই যাঁরা বিভিন্ন ক্ষেত্রে ভারতের সমৃদ্ধিতে অবদান রেখেছেন।’ পশ্চিমবঙ্গ দিবসের কথা বলতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের উল্লেখও করেন তিনি।

এরপরই বাংলায় বিজেপি সরকারের এই দেড়মাসে নেওয়া পদক্ষেপগুলির কথা উল্লেখ করেছেন মোদী। চিঠিতে তিনি লেখেন, ‘এই বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের মানুষ এমন একটি নির্বাচনী রায় দিয়েছিলেন, যা চিরস্মরণীয়।’ এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা করে তিনি লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে গত এক মাসে পশ্চিমবঙ্গ সরকার অসাধারণ গতি এবং সমমর্মিতার সঙ্গে কাজ করেছে। আমি এই প্রচেষ্টার জন্য আপনাকে এবং আপনার দলকে অভিনন্দন জানাই।’ বাংলায় আয়ুষ্মান ভারত চালু, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ এবং অন্নপূর্ণা যোজনার উল্লেখ করেন মোদী।

চিঠির শেষে মোদী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ তার প্রজ্ঞা, সৃজনশীলতা এবং অদম্য চেতনা দিয়ে ভারতকে অনুপ্রাণিত করে চলুক। এখানকার মানুষ নতুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, আমাদের প্রিয় দেশের অগ্রগতি এবং সমৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখুন।’

প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছ থেকে প্রাপ্ত শুভেচ্ছা ও চিঠির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে তাঁর ভরসা, অনুপ্রেরণা, উৎসাহ এবং অবিচল সমর্থন আমাদের সকলকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগায়। পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *