Ladakh Tour: ঘুরে আসুন লাদাখ, খরচের ৫০ শতাংশ টাকা দেবে বিজেপি সরকার! বিরাট ঘোষণা | Ladakh Tour: Bihar Government to Cover 50 percent of Travel Expenses in Major Tourism Push, Know Criteria
লাদাখ ভ্রমণের দারুণ সুযোগ।Image Credit: Getty Image
পটনা: ঘুরতে যেতে কে না ভালোবাসে? লাদাখ (Ladakh) ঘোরা অনেকের কাছেই স্বপ্ন। তবে সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় বাজেট। লাদাখ যথেষ্ট খরচ সাপেক্ষ ভ্রমণকেন্দ্র। তবে যদি বলা হয় যে আপনি লাদাখ ঘুরতে যাবেন, আর ঘোরার টাকা দেবে সরকার? অবিশ্বাস্য মনে হলেও, এটাই কিন্তু সত্যি। বিহার (Bihar) সরকার এই ঘোষণা করেছে। লাদাখ ঘোরার জন্য কত টাকা দেওয়া হবে? কারাই বা এই সুবিধা পাবেন? জেনে নিন বিস্তারিত…
বিহারের বিজেপি সরকার ঘোষণা করেছে সিন্ধু দর্শন তীর্থ যাত্রা ফিন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স স্কিম ২০২৬-র। এই স্কিমের অধীনে পর্যটকরা যারা লাদাখের সিন্ধু নদী দর্শন করতে যাবেন, তাদের রাজ্য সরকারের তরফে বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে। চলতি সপ্তাহের বুধবার ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে পর্যটকরা আরও বেশি করে এই ঐতিহাসিক নদী দেখতে যান, তার জন্য়ই এই ঘোষণা।
কত টাকা দেবে রাজ্য সরকার?
জানা গিয়েছে, সিন্ধু দর্শন যাত্রার অধীনে পুণ্যার্থীদের রাজ্য সরকারের তরফে ভ্রমণের ৫০ শতাংশ খরচ বা মাথা পিছু ২০ হাজার টাকা (যেটি কম হবে) করে দেওয়া হবে।
কী কী শর্ত পূরণ করতে হবে ?
যে কেউ চাইলেই লাদাখ ভ্রমণের জন্য সরকারের কাছ থেকে টাকা নিতে পারবে না। এর জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই বিহারের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। শিশু ও ১৮ বছরের কম বয়সীদের আর্থিক সাহায্য দেওয়া হবে না।
- প্রতি বছর ১০০ জন পুণ্যার্থীকেই এই আর্থিক সাহায্য দেওয়া হবে।
কীভাবে এই আর্থিক সাহায্য পাবেন?
ভ্রমণ সম্পূর্ণ করার পরই আর্থিক সাহায্য পাওয়া যাবে। অর্থাৎ পর্যটকদের আগে ঘুরে আসতে হবে। তারপরে সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। বিহারের পর্যটন দফতর শীঘ্রই এই নিয়ে গাইডলাইন ইস্যু করবে।