যুদ্ধ থামার অপেক্ষা, ভারতের বাজার দখলে ঝাঁপাবে ওপেক
এই সময়: ইউএস এবং ইরান শীর্ষ প্রশাসন যুদ্ধে সাময়িক ইতি টানার কথা ঘোষণার পর হরমুজ় দিয়ে আপাতত চলাচল বেড়েছে অপরিশোধিত তেল এবং গ্যাস বোঝাই ট্যাঙ্কারের। বাজার বিশেষজ্ঞদের বড় অংশের দাবি, যুদ্ধবিরতি আদতে কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে সন্দেহ রয়েছে একাধিক মহলেই। যে জন্য মধ্যের সময়টা চেটেপুটে কাজে লাগাতে কোমর বেঁধে নেমেছে পশ্চিম এশিয়ার দেশগুলি। তারা চাইছে, যত বেশি সম্ভব জ্বালানিভর্তি ট্যাঙ্কার যাতে এই ‘শান্তির’ আবহে হরমুজ় পার করে যেতে পারে, তা নিশ্চিত করতে। সংবাদসংস্থা রয়টার্স শুক্রবার জানিয়েছে, মেরিন ট্র্যাফিক ডেটা থেকে দেখা যাচ্ছে, বৃহস্পতি এবং শুক্র মিলিয়ে গড়ে দৈনিক ২৫টি করে ট্যাঙ্কার হরমুজ ধরে ভারত-সহ একাধিক পূর্বনির্ধারিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। যে পরিমাণ ট্যাঙ্কার শেষ বার চলতি বছর এপ্রিলের গোড়ার দিকে হরমুজ় ধরে এগোতে পেরেছিল।