সকাল থেকেই বৃষ্টির প্রবল দাপট, ভাসল কলকাতা-সহ একাধিক জেলা

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা। আকাশজুড়ে ঘন কালো মেঘের আনাগোনা, তার মাঝেই একটানা মুষলধারে বৃষ্টি। মাঝে মধ্যেই আকাশ চিরে বজ্রপাত। বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর বজ্রবিদ্যুতের দাপটে বর্ষার রুদ্রমূর্তি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল। তা মিলেও গেল। সকাল থেকে কালো মেঘে ঢেকে ছিল আকাশ।

শুক্রবার ভোর থেকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা-সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল প্রবল হাওয়া।

শহরের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টির জেরে অনেক জায়গায় রাস্তাঘাট জলমগ্ন। কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। বৃহস্পতিবার রাতেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, ফলে কিছু এলাকায় জল জমে গিয়েছে।

হাওড়ার টিকিয়াপাড়া, সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া এবং শিবপুর এলাকার বেশ কিছু জায়গা জলমগ্ন। সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। হাওড়া শহরের বহু রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুরে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শনি ও রবিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ধস, জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে।