আবাসের ঘর দিতে দরিদ্র ফুল বিক্রেতার থেকেও তোলা আদায় উদয়নের, কাটমানি ২০ হাজার - 24 Ghanta Bangla News
Home

আবাসের ঘর দিতে দরিদ্র ফুল বিক্রেতার থেকেও তোলা আদায় উদয়নের, কাটমানি ২০ হাজার

Spread the love

চাঁদকুমার বড়াল, কোচবিহার

সরকারি ঘর দিতে ১০ বছর আগে তৎকালীন দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহ এক দরিদ্র পরিবারের কাছ থেকে ৪৫ হাজার টাকা নেন বলে অভিযোগ। অথচ, সরকারি নিয়মে হাউস ফর অল প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার কথা।

সেই সময়ে পুরসভার পক্ষ থেকে পরিকাঠামো উন্নয়নের একটি ফর্ম ছাপানো হয়। সেই উন্নয়নের নামে দিনহাটার গোপাল সাহার কাছ থেকে বাড়তি ২০ হাজার টাকা নেন উদয়ন বলে অভিযোগ। যদিও রসিদ মেলে ৪৩ হাজার টাকার।

দিনহাটার চওড়াহাট বাজারের সামান্য ফুল বিক্রেতা গোপালের বড় ছেলে পুরসভায় গিয়ে প্রাক্তন মন্ত্রীর কাছে এই টাকা দিয়ে আসেন। ঘটনাচক্রে পরে সেই ছেলে পথ দুর্ঘটনায় মারা যান। এতদিন বিষয়টি নিয়ে চুপচাপ থাকলেও ১১ জুন এই টাকার বিষয়টি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন ফুল বিক্রেতা। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার কলকাতায় গ্রেপ্তার হন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

হাউস ফর অল প্রকল্পে পুরসভার এলাকায় গরিব মানুষদের বাড়ি তৈরি করে দেওয়া হয়। এই প্রকল্পে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা করে পান উপভোক্তারা। তার মধ্যে ২৫ হাজার টাকা তাঁদের জমা দিতে হয়। বাকি ৩ লক্ষ ৪৩ হাজার টাকায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কিস্তির মাধ্যমে দেয়। কিন্তু দিনহাটা পুরসভার ক্ষেত্রে ব্যাতিক্রমী ঘটনা ঘটে।

অভিযোগকারী গোপাল সাহার স্ত্রী গোপা বলেন, ‘আমরা খুবই গরিব। আমার স্বামী ফুল বিক্রি করেন। আমি অন্যের বাড়িতে রান্নার কাজ করি। এই অবস্থার মধ্যেও সরকারি ঘর পেতে ৪৫ হাজার টাকা উদয়নকে দিতে হয়েছিল। তার মধ্যে ৪৩ হাজার টাকার রসিদ দেওয়া হল ২ হাজার টাকার কোন রসিদ দেওয়া হয়নি। আমার বড় ছেলে দুর্ঘটনায় মারা গিয়েছে। আরেক ছেলে বিশেষ ভাবে সক্ষম। সংসারের হাল খারাপ থাকায় তাঁকেও বাধ্য হয়ে রাজমিস্ত্রি যোগাড়ের কাজ করতে হয়। বর্তমান পরিস্থিতিতে অনেকেই থানায় অভিযোগ করতে বলেছিল। তাই থানায় অভিযোগ করেছি। এখন টাকাটা যাতে ফেরত পাই সেই দাবি করছি।’

এর পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালে একটি শিশু বিভাগ তৈরি করতে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। শিশুমঙ্গল সমিতির ব্যানারে সেই টাকা তোলা হয় উদয়নের নেতৃত্বে। দিনহাটার রূপম সাহা নামে এক ব্যক্তি এ নিয়ে থানায় অভিযোগ করেন। তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হলেও ১০ হাজার টাকার রসিদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দিনহাটায় কান পাতলে এরকম বহু অভিযোগ শোনা যাচ্ছে। উদয়নকে নিয়ে ইতিমধ্যেই পুলিশের একটি টিম দিনহাটার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *