ফেসবুক থেকে প্রেম, চার হাত এক হলো তরুণ-তরুণীর
ফেসবুকের পাতায় প্রথম আলাপ। তার পরে মন দেওয়া-নেওয়া। অবশেষে সব বাধা পেরিয়ে ছাঁদনাতলায় চার হাত এক হলো দুই বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ-তরুণীর। এমনই মিষ্টি প্রেমের রূপকথার সাক্ষী থাকল নদিয়া। পাত্রের নাম কৌশিক মিত্র, তাঁর বাড়ি নদিয়ার মাজদিয়া পূর্ণগঞ্জে। পাত্রী স্নেহা পোদ্দার, তিনি নদিয়ার বগুলার বাসিন্দা। দু’জনেই মূক এবং বধির। কিন্তু তাঁদের ভালোবাসার মাঝে কথা বলা বা শোনা কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি। কৌশিকের বাড়িতে মঙ্গলবার রাতে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের সম্মতিতে শাস্ত্র মতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।