নিউটন হয়ে গেলেন পাইলট, পাহাড়েরও ঠিকানা বদল! ওডিশায় বাচ্চাদের পাঠ্যবইয়ে ধরা পড়ল ১,৬৭৮ ভুল
স্যর আইজ়্যাক নিউটন আর বিজ্ঞানী নন। তিনি হয়ে গেলেন পাইলট! কর্নাটকের বিখ্যাত হাম্পি মন্দিরও বদলে গেল ওডিশার কোনারকের সূর্য মন্দিরে। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এমনই সব ভুলে ভরা পাঠ্যবই ছাপানো হলো ওডিশায়। তা নিয়ে স্বাভাবিক ভাবেই জোর বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নের মুখে পড়েছে জাতীয় শিক্ষানীতিও।
২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন বই ছাপানো হয়েছে ওডিশায়। তা স্কুলে স্কুলে পৌঁছনোর পরেই ইতিহাস, বিজ্ঞান, ভূগোল-সহ বিভিন্ন বিষয়ের পাঠ্যবইয়ে প্রচুর ভুল ধরা পড়ে। সরকারি সূত্রে খবর, সব মিলিয়ে ১,৬৭৮টি ভুল নজরে এসেছে শিক্ষকদের। তার মধ্যে ব্যাকরণগত ভুল যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রচুর তথ্যগত ভুল। যেমন একটি পাঠ্যবইয়ে স্যর আইজ়্যাক নিউটনকে বর্ণনা করা হয়েছে পাইলট হিসেবে।