টেট–এ ‘ছাড়’ আদায়ে যৌথ আন্দোলনে রাজ্যের শিক্ষকরা
এই সময়: দেশে শিক্ষার অধিকার আইন চালুর আগে থেকেই কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদেরও টেট বাধ্যতামূলক করার প্রতিবাদে জোট বাঁধল রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন (ওল্ড)–সহ সাধারণ শিক্ষক–শিক্ষিকারা দলমত নির্বিশেষে ‘টেট অ্যাফেকটড টিচার্স’ সংগঠন গড়ে মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে সামিল হন। প্রথমে বেলা একটায় কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির সামনে সভা হয়। তার পরে ধর্মতলায় লেনিন মূর্তি পর্যন্ত তাঁরা মিছিল করেন। সেই সঙ্গে লোকবভনে গিয়ে রাজ্যপালের দপ্তরে স্মারকলিপিও দেন। পুলিশের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও স্কুল শিক্ষামন্ত্রীর দপ্তরেও দাবিসনদ পাঠানো হয়। এ দিন আন্দোলনে নেতৃত্ব দেন আনন্দ হান্ডা, অশোক রুদ্র, বাসুদেব দাস, প্রসেনজিৎ দাশগুপ্তরা।