বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে ধৃত জওয়ান, কঠোর শাস্তির দাবি
এই সময়, রাজারহাট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হোটেলের ঘরে ডেকে এক তরুণীকে ধর্ষণ, অত্যাচারের অভিযোগ উঠেছিল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। সেই জওয়ান কর্মরত আরজি কর হাসপাতালে। যেখানে ২০২৪–এর অগস্টে তরুণী চিকিৎসকের ধর্ষণ–খুনের ঘটনার পরে নিরাপত্তার দায়িত্বে সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত হয়েছিল সিআইএসএফ। সেই বাহিনীরই এক জওয়ানের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। অভিযোগ পাওয়া মাত্রই অবশ্য ওই জওয়ানকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের নারায়ণপুর থানার পুলিশ। ওই জওয়ান এখন পুলিশি হেফাজতে। হোটেলের শয্যায় ব্যবহৃত চাদর এবং ওই জওয়ানের পোশাকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ, বুধবার ধৃতকে ফের ব্যারাকপুর আদালতে হাজির করা হবে।