পথে হচ্ছে দেরি! যানজটে ক্ষোভ বাড়ছে চন্দ্রকোণার - 24 Ghanta Bangla News
Home

পথে হচ্ছে দেরি! যানজটে ক্ষোভ বাড়ছে চন্দ্রকোণার

Spread the love

এই সময়, চন্দ্রকোণা: বছর তিনেক আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যান-চলাচল নিয়ন্ত্রণে পুরসভার উদ্যোগে রাস্তার মোড়ে মোড়ে বসানো হয় নোটিস বোর্ড। ওই রাস্তা দিয়ে নিত্য যাতায়াত স্কুল, কলেজ পড়ুয়া থেকে সরকারি দপ্তরের কর্মীদের। রাস্তার দু’পাশে রয়েছে শতাধিক দোকান।

অভিযোগ, আট থেকে ন’ফুট চওড়া ওই রাস্তায় অফিস-টাইমে ঢুকে পড়ে পণ্যবাহী ডাম্পার ও ছোট-বড় ট্রাক। যানজট হয়। ভোগান্তির শিকার হতে হয় সকলকে। অভিযোগ, যানজট-নিয়ন্ত্রণে পুরসভার নোটিস উপেক্ষা করেই অবাধে যাতায়াত করছে পণ্যবাহী ট্রাক। সদ্য পালাবদল হয়েছে রাজ্যে। এ বার চন্দ্রকোণা পুরসভার কলেজ রোড যানজট মুক্ত করতে উদ্যোগী হোক প্রশাসন, এমনই দাবি তুলছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।

চন্দ্রকোণা পুরসভার গোঁসাইবাজার এলাকায় রয়েছে ৪ নম্বর ঘাটাল-চন্দ্রকোণা রাজ্যসড়ক। গোঁসাইবাজার থেকে তেঁতুলতলা পর্যন্ত প্রায় দু’কিলোমিটার পিচ রাস্তাটি চন্দ্রকোণা পুরসভার অধীন। ওই রাস্তাটি কলেজ রোড হিসেবে পরিচিত। সেই রাস্তা দিয়ে যেতে হয় স্থানীয় স্কুল-কলেজের বহু পড়ুয়াকে। ওই পথেই যেতে হয় বিভিন্ন অফিস ও বাজারে যেতে হয় লোকজনকে। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটে ভোগান্তি প্রায় রোজনামচা হয়ে দাঁড়িয়েছে।

কলেজ পড়ুয়া রতন মিদ্যার কথায়, ‘বাস থেকে নেমে পায়ে হেঁটে কলেজ যেতে হয় আমাকে। যানজটে আটকে কলেজে পৌঁছতে দেরি হয়ে যায়। রাজ্যে নতুন সরকার এসেছে। প্রশাসন এ বার অন্তত এই সমস্যার সমাধান করুক।’ স্থানীয় ব্যবসায়ী রাধাকান্ত দাস বলেন, ‘পুরসভা ও প্রশাসন উদ্যোগী হলে অফিস টাইমে এই রাস্তায় বড় গাড়ি ঢুকতে পারবে না। গোঁসাইবাজার ও তেঁতুলতলা বাজারে ট্র্যাফিকের ব্যবস্থা করলেও সমস্যা মিটে যাবে। যানজটের জেরে অনেক ক্রেতা বিরক্ত হয়ে এ দিকে আসতে চান না। এ বার অন্তত কড়া হোক প্রশাসন।’

পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র বলেন, ‘আমরা আগেও উদ্যোগী হয়েছিলাম। এখনও সেই বোর্ড রয়েছে। দু’টি মোড়ে দু’জন সিভিক ভলান্টিয়ার দিয়ে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। কিন্তু কিছুদিন পরে তা তুলে নেওয়া হয়। ফের পুলিশের সঙ্গে কথা বলব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *