Modi-Trump: আগামী সপ্তাহেই মোদী-ট্রাম্প বৈঠক, ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি কি এবার চূড়ান্ত হবে? | PM Modi to Meet Donald Trump at G7 Summit in France, Trade Deal and Strategic Ties Likely on Agenda - 24 Ghanta Bangla News
Home

Modi-Trump: আগামী সপ্তাহেই মোদী-ট্রাম্প বৈঠক, ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি কি এবার চূড়ান্ত হবে? | PM Modi to Meet Donald Trump at G7 Summit in France, Trade Deal and Strategic Ties Likely on Agenda

Spread the love

ওয়াশিংটন: বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী সপ্তাহে জি-৭ সামিটে (G-7 Summit) যোগ দিতে ফ্রান্সে যাচ্ছেন মোদী। জানা গিয়েছে, সামিটের পরই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী ও ট্রাম্প। গত বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের পর প্রথম ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন মোদী। এর আগে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গত কয়েক মাসে দুই দেশের নেতার মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছে। তবে, এবার মুখোমুখি হতে চলেছেন মোদী-ট্রাম্প। বৈঠকে দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে কথা হতে পারে বলে জানা গিয়েছে।

কবে, কোথায় বৈঠক?

হোয়াইট হাউজ় সূত্রে খবর, বুধবার অর্থাৎ ১৭ জুন ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক হতে পারে। বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। জি-৭ সামিটে যখন দেশের বিভিন্ন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন, সেই আবহে ট্রাম্প-মোদীর দ্বিপাক্ষিক বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ভারত-মার্কিন সম্পর্ক একাধিক কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অভিযানের জেরে বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-মার্কিন সম্পর্কের মধ্যে চাপা অস্বস্তিও তৈরি হয়েছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে দুই দেশের বাণিজ্য চুক্তি। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে মোদী ও ট্রাম্প একটি অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে নীতিগতভাবে একমত হয়েছিলেন। বর্তমানে সেই চুক্তি নিয়ে আলোচনা চলছে। বৈঠকে সেই অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হতে পারে।

একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক ট্রাম্পের

শুধু ভারত নয়,জি-৭ সামিটের ফাঁকে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্যদিকে বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

ইউরোপ সফরে প্রধানমন্ত্রী

শনিবার এক সপ্তাহের ইউরোপ সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসূচিতে রয়েছে ফ্রান্স ও স্লোভাকিয়া। জি-৭ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকও করবেন তিনি।

রাজনৈতিক ও কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পের সঙ্গে এই বৈঠক মোদীর ইউরোপ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে চলেছে। বিশেষ করে বাণিজ্যিক মতপার্থক্য দূর করা এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *