সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পরে দৃষ্টিহীন, ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টে দায়ের মামলায় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল। যদিও ক্ষতিপূরণের ব্যাপারে কোনও নির্দেশ সিঙ্গল বেঞ্চ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন গোবিন্দচন্দ্র। গাফিলতির ফলে চোখ নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিপূরণের আবেদন করেন তাঁর আইনজীবী ঝুমা সেন। আদালত তার পরেই নির্দেশে জানায়, যেহেতু রাজ্য-আয়োজিত চক্ষু শিবিরে অপারেশনের পরে দৃষ্টিশক্তি হারানোয় আবেদনকারীর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তাই উপযুক্ত ক্ষতিপূরণ নির্দিষ্ট করে আদালতে ১৩ জুলাই পরবর্তী শুনানিতে জানাতে হবে রাজ্যকে। এখন প্রশ্ন, ওই ঘটনায় আর যাঁদের চোখের ক্ষতি হয়েছে, তাঁরাও কি নতুন করে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন?