Free Education: সরকারি স্কুল-কলেজগুলিতে কেজি থেকে এম.এ পর্যন্ত শিক্ষা বিনামূল্যে, বড় ঘোষণা সরকারের | Odisha Announces Free Education from KG to PG in Government Schools and Colleges, Major Reform by Mohan Charan Majhi
ভুবনেশ্বর: শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ ওড়িশা সরকারের (Odisha Government)। রাজ্য সরকারি স্কুল (West Bengal Government School) ও কলেজগুলোতে এবার বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। কেজি থেকে স্নাতকোত্তর… সব স্তরের পড়ুয়ারা এই বিশেষ সুযোগ পাবেন। ওড়িশায় বিজেপি সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)।
মুখ্যমন্ত্রী জানান, শিক্ষাকে আরও সহজলভ্য করে তোলা এবং আর্থিক কারণে যাতে কোনও পড়ুয়াকে পড়াশোনা না ছাড়তে হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবার এবং মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এই বিশেষ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে সরকার। মোহন চরণ মাঝির কথায়, শিক্ষা কোনও বিশেষ সুবিধা নয়, বরং প্রত্যেকের মৌলিক অধিকার। তাই সমাজের সব স্তরের মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, দেশের মধ্যে অন্যতম বৃহৎ পরিসরে ‘কেজি থেকে পিজি’ বিনামূল্যে শিক্ষার মডেল গড়ে তুলতে চলেছে ওড়িশা।
শিক্ষাক্ষেত্রে একাধিক সংস্কার
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষা নীতি ২০২০ (NEP 2020) কার্যকর করা এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গোদাবরীশ মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ২,২০০টি স্কুল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই ৩২২টি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকার পড়ুয়াদের জন্য উন্নত পরিকাঠামো ও শিক্ষার সুযোগ তৈরি হবে।
শিক্ষক নিয়োগেও জোর
শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গত দুই বছরে ২৬,৬১৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি আগামী তিন বছরে আরও ৪৫ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
উচ্চশিক্ষায় বড় পরিকল্পনা
উচ্চশিক্ষা আরও বিস্তারের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওড়িশায় চারটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় ইতিমধ্যেই ১৮টি নতুন সরকারি কলেজ চালু করা হয়েছে। মোহন চরণ মাঝির দাবি, পূর্ব ভারতের অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে ওড়িশাকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং ব্যাপক শিক্ষক নিয়োগের মাধ্যমে আরও শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পথে এগোচ্ছে রাজ্য।