Kiara Advani: দক্ষিণী ছবির শুটিং ফ্লোরে কী কী বলা নিষেধ ছিল কিয়ারার? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী | Kiara advani reveals restrictions on toxic movie set by geetu mohandas - 24 Ghanta Bangla News
Home

Kiara Advani: দক্ষিণী ছবির শুটিং ফ্লোরে কী কী বলা নিষেধ ছিল কিয়ারার? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী | Kiara advani reveals restrictions on toxic movie set by geetu mohandas

Spread the love

যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairy Tale For Grown-Ups)-এ শীঘ্রই দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির শুটিংয়ের এক অদ্ভুত ও চড়াই-উতরাইয়ে ভরা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সেটে ঢোকার পর তাঁকে কারও সঙ্গে ‘হাই, হ্যালো’ বা কুশল বিনিময় করতে সম্পূর্ণ নিষেধ করেছিলেন ছবির পরিচালক গীতু মোহনদাস। চরিত্রের গভীরে ডুব দিয়ে থাকার জন্যই পরিচালক এই কড়া নির্দেশ দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, “গীতু আমাকে বলেছিলেন, ‘আগামীকাল যখন তুমি সেটে আসবে, আমি চাই তুমি সম্পূর্ণ অন্য মেজাজে থাকো।’ আসলে আমি সেটে ঢুকেই সবাইকে ‘হাই, গুড মর্নিং’ বলা স্বভাবের মানুষ। কিন্তু গীতু স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি কোনও লৌকিকতা চাই না। তুমি সোজাসুজি নিজের চরিত্রের জোনে ঢুকে পড়বে। কোনও হাই-হ্যালো নয়, এমনকী, নিজের টিমের লোকেদের সঙ্গেও নয়। আজ শুধু নিজের চরিত্রের মধ্যেই ডুবে থাকবে।’”

হিন্দি ও তেলুগু ছবিতে সফলভাবে কাজ করার পর এবারই প্রথম কন্নড় ভাষার ছবিতে কাজ করছেন কিয়ারা। তবে ছবিটির শুটিং হয়েছে দুভাষায়, যা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কিয়ারা জানান, ছবিটির প্রতিটি দৃশ্য প্রথমে ইংরেজিতে শুট করা হত এবং টেক ওকে হওয়ার পর আবার কন্নড় ভাষায় শুট করা হতো। কন্নড় তাঁর চেনা ভাষা না হওয়ায়, শুটিংয়ের আগের রাতে আক্ষরিক অর্থেই সংলাপ মুখস্থ করতে হতো তাঁকে।

অবশ্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ নিয়ে কিয়ারা জানান, বলিউডের সঙ্গে এর খুব একটা তফাৎ নেই। সামান্য কিছু সাংস্কৃতিক পার্থক্য থাকলেও দিনশেষে সবাই ভারতীয়, তাই কাজের ধরণে একটা চেনা পরিচিত ভাব এবং মিল রয়েছে।

কেভিএন প্রডাকশন্স এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে তৈরি এই ছবিতে কিয়ারা ছাড়াও রয়েছেন ‘কেজিএফ’ খ্যাত সুপারস্টার যশ, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। ‘টক্সিক’ ছবিটি মূলত ইংরেজি ও কন্নড় ভাষায় শুট করা হলেও, এটি হিন্দি সহ একাধিক আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে।

প্রসঙ্গত, ২০২৬ সালের ৪ জুন ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সিনেমাটির মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। নির্মাতাদের তরফ থেকে এখনও পর্যন্ত নতুন কোনও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *