Swarup Biswas: 'জোর করে প্রভাব খাটিয়ে...'স্বরূপকে নিয়ে বিস্ফোরক আইএফএ সচিব অনির্বাণ দত্ত! | Swarup Biswas used to force IFA to change their decisions, said the secretatry of IFA - 24 Ghanta Bangla News
Home

Swarup Biswas: ‘জোর করে প্রভাব খাটিয়ে…’স্বরূপকে নিয়ে বিস্ফোরক আইএফএ সচিব অনির্বাণ দত্ত! | Swarup Biswas used to force IFA to change their decisions, said the secretatry of IFA

Spread the love

অভিযোগের পাহাড় স্বরূপকে নিয়ে।Image Credit: X

কলকাতা : সদ্যই গ্রেফতার হয়েছেন টালিগঞ্জের হর্তাকর্তা স্বরূপ বিশ্বাস। টালিগঞ্জে তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এবার শোনা গেল স্বরূপ ও তাঁর ভাই অরূপ বিশ্বাসকে নিয়ে আরও অভিযোগের ফিরিস্তি। দাদা অরূপ ইতিমধ্যেই বিখ্যাত হয়েছেন মেসি কাণ্ডের জন্য। এবার আইএফএ সচিব অনির্বান দত্তের মুখে শোনা গিয়েছে কিভাবে দাদার ক্রীড়ামন্ত্রী হওয়ার যাবতীয় সুযোগ নিয়েছেন স্বরূপ নিজে।

কী জানা গিয়েছে?

স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই আইএফএ-র সহ সভাপতি। তাঁর পদ নিয়ে অনির্বান টিভি৯ বাংলাকে জানান,“যেহেতু স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু উনি দোষী সাব্যস্ত হননি এখনও বা ওঁকে কোনও শাস্তি দেওয়া হয়নি, তাই আমরা ওঁর পদ নিয়ে আইনি পরামর্শ নেব।” ঠিক কীভাবে প্রভাব খাটাতেন স্বরূপ? “ধরুন, কোনও বিষয়ে আমরা আলোচনা করছি, তার মধ্যে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করে বা কোনও কিছু পছন্দ না হলে চেঁচামেচি করে বা কখনও কখনও মিটিং থেকে বেরিয়ে গিয়ে মিটিং ভেস্তে দিতেন। এমনকি কোনও বিষয়ে নিজে প্রভাব না খাটাতে পারলে নিজের সাঙ্গপাঙ্গদের দিয়ে চেষ্টা করতেন।” এখানেই শেষ নয়, শোনা গিয়েছে নিজের ক্লাব সুরুচি সংঘে বেঙ্গল অ্যাকাডেমি থেকে খেলোয়াড় সই করানোর চাপ দিতেন স্বরূপ। অনির্বান দত্তের কথায়,“কোন প্লেয়ার কোন ক্লাবে সই করবে সেটা তার নিজের ব্যাপার কিন্তু ওরা প্রভাব খাটাত এটা ঠিক।”

শুধু তাই নয়, অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র জন্য নাকি নিয়ম বদল করতে বাধ্য হয়েছিল আইএফএ। ২০২২ সালে প্রতিষ্ঠা হওয়ার পরই ফার্স্ট ডিভিশন খেলে সাংসদ অভিষেকের ক্লাব। সেই ক্লাবের জন্য নাকি দুই ডিভিশন (এ ও বি) কে জোর করে মিলিয়ে দেওয়া হয়েছিল। এই আদেশ জারি করেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এর প্রধান উদ্দেশ্য ছিল, যাতে কলকাতার দুই প্রধান, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সঙ্গে একই সঙ্গে খেলতে পারে ডায়মন্ড হারবার। এমনকি, কলকাতায় মেসি আসার দিন মোহনবাগান অল স্টারের সঙ্গে খেলেছিল এই ডায়মন্ড হারবার অল স্টার।

ডায়মন্ড হারবারকে নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক। এদিকে মেসি কাণ্ডের ব্যর্থতার পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিশাল অঙ্কের মামলা করেছেন আয়োজক শতদ্রু দত্ত। স্বরূপ বিশ্বাসকে নিয়ে ক্ষোভ দিনের পর দিন বেড়েই চলেছে টালিগঞ্জের অন্দরে। সিনেমাপাড়ার সঙ্গে এবার যোগ হল ময়দানও। আচ্ছা, একটাই প্রশ্ন। লিওনেল মেসি কি এর বিন্দু বিসর্গও জানেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *