আসন সংখ্যার পুনর্বিন্যাস হবেই, সাফ জানালেন শমীক, নিশানা মমতাকেও
এই সময়, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে এবং পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে রাজনৈতিক পরিবর্তনের পরে এ বার ফের আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল পাস করানোর ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপি। যত দ্রুত সম্ভব সংসদে এই বিল পাস করিয়ে সব রাজ্যের লোকসভার আসন সংখ্যার পুনর্বিন্যাস করা অত্যন্ত জরুরি বলে শুক্রবার দিল্লিতে দাবি করেছেন বঙ্গ বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য৷ তাঁর ব্যাখ্যা, ‘দেশের জনসংখ্যা ১৪০ কোটিতে পৌঁছে গিয়েছে৷ এক–একটি আসনে ১৮-২০ লাখ ভোটার৷ যাঁরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছেন, তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের জনতার প্রত্যক্ষ যোগাযোগ তো থাকতে হবে! সকলের সঙ্গে কথাবার্তা হতে হবে৷ জনপ্রতিনিধিকে সব জায়গায় পৌঁছতে হবে৷ তাই ১৪০ কোটি নাগরিকের দেশে লোকসভায় ৫৪৩টি আসন যথেষ্ট নয়৷ এটা বাড়াতেই হবে৷ ক্ষমতা এবং গণতন্ত্রের বিকেন্দ্রীকরণের জন্য আসন বৃদ্ধি প্রয়োজন। আমরা এটা করবোই৷ আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত সর্বসম্মতিতে সংসদে এই বিল পাস হয়ে যাবে৷’