খেলতে পারবেন না সবকটি ম্যাচ, কেমন আছেন মেসি? চোট আপডেট শেয়ার কোচের
বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই আর্জেন্তিনা শিবিরে স্বস্তির খবর। পেশির চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি। ফলে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে আর্জেন্তিনার শেষ দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে তাঁকে মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
প্রায় ১০ দিন আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ৬-৪ গোলের জয়ের ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের ঠিক আগে তাঁর এই চোট আর্জেন্তিনা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। তবে সেই শঙ্কা এখন অনেকটাই দূর হয়েছে।
আমেরিকায় এক সাংবাদিক বৈঠকে আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘লিও এখন অনেক ভালো আছে। সে ইতিমধ্যেই দলের সঙ্গে কিছুটা অনুশীলন করেছে। এখন আর আলাদা করে অনুশীলন করছে না। ওর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।’
স্কালোনি আরও বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে মেসি কয়েক মিনিটের জন্য মাঠে নামতে পারে। সেটা হন্ডুরাসের বিরুদ্ধে নাকি আইসল্যান্ডের বিরুদ্ধে হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে ওর সুস্থ হয়ে ওঠা আমাদের স্বস্তি দিচ্ছে।’
বিশ্বকাপের আগে আর্জেন্তিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে তারা টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর আলাবামায় আইসল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসিকে বিশ্বকাপের দলে নেওয়া নিয়ে একটি মজার ঘটনাও শোনান স্কালোনি। আর্জেন্তিনা কোচ বলেন, ‘আমি ওকে একটি বার্তা পাঠিয়েছিলাম। জবাবে মেসি বলেছিল, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় থাকবে, সেখানে তার নাম আছে কি না দেখতে। তখন আমি বলেছিলাম, ‘তুমি অবশ্যই দলে আছ।’
৩৮ বছর বয়সি মেসির এটি হতে চলেছে কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তাঁর নেতৃত্বেই আর্জেন্তিনা ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতে। ফলে এ বার তাদের কাছে লক্ষ্য ট্রফি ধরে রাখা।
এ বার বিশ্বকাপ ভারতীয় সময়ে শুরু হবে ১২ জুন এবং চলবে ২০ জুলাই পর্যন্ত। গ্রুপ ‘জে’-তে রয়েছে আর্জেন্তিনা। ১৬ জুন আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
মেসির চোট থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠা নিঃসন্দেহে আর্জেন্তিনার জন্য ইতিবাচক খবর। বিশ্বকাপের আগে তাঁর মাঠে ফেরা নিশ্চিত হলে শিরোপা রক্ষার লড়াইয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে স্কালোনির দল।