টাকা হাতানোর চেষ্টা, অন্নপূর্ণা যোজনার নামে প্রতারণার ফাঁদ
এই সময়, শিলিগুড়ি: অন্নপূর্ণা যোজনার নামে প্রতারণা ঠেকাতে প্রচার শুরু করল শিলিগুড়ি পুলিশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচারও শুরু করেছেন আধিকারিকরা। মানুষকে সচেতন করার এই কাজে বিভিন্ন স্কুল-কলেজ, ক্লাব, সামাজিক সংগঠনের সাহায্যও নিতে চাইছে পুলিশ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার এক আধিকারিক বলেন,‘বহু পরিবারে সিনিয়র সিটিজেনরা এই ধরনের সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন নন। স্কুল–কলেজে পাঠরত জেন জি–রা মোবাইল, ইন্টারনেট অথবা সাইবার জগতের বিষয়ে অনেক বেশি জানে। সেই সব ছাত্রদের সচেতন করার মধ্য দিয়ে পরিবারের বড়দের বার্তা দেওয়ার কাজ চলবে। অন্যদিকে, বিভিন্ন সামাজিক সংস্থা ও সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে মানুষকে সচেতন করা হবে।’