Strait of Hormuz Indian ships safety: চারপাশে ঘোর বিপদ! কোন ‘মাস্টারপ্ল্যানে’ হরমুজ প্রণালী পেরিয়ে নিরাপদে আসছে ভারতীয় জাহাজ? | Strait of Hormuz Crisis: India Shipping Secret Revealed, How Indian Vessels Avoiding Danger in Strait of Hormuz
নয়া দিল্লি: সেই ফেব্রুয়ারির শেষভাগে বন্ধ হয়েছিল হরমুজ প্রণালীর রাস্তা, তা এখনও খোলেনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট এই হরমুজ প্রণালী। ইরান ও ওমানের মাঝে সরু এই জলপথ দিয়ে বিশ্বের তেল ও জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ সবরাহ হয়। ফলে হরমুজ বন্ধ থাকায় গোটা বিশ্বেই তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। দাম বেড়েছে পেট্রোল-ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের। তবে এরপরও ভারতে তেল ও জ্বালানি সরবরাহ কিন্তু চালু রয়েছে। আসছে জাহাজ। তারা কোন সিক্রেট রুট দিয়ে আসছে? তা জানাল কেন্দ্রীয় সরকারই।
শুক্রবার পশ্চিম এশিয়ার (West Asia) সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের ওপর তার প্রভাব নিয়ে ভারতের একাধিক মন্ত্রকের পক্ষ থেকে যে যৌথ মিডিয়া ব্রিফিং করা হয়। সেখানে জাহাজ চলাচলের সম্পূর্ণ রুট ফাঁস না করলেও, হরমুজ সঙ্কটের মাঝে দেশে কীভাবে জ্বালানি আসছে, তা তুলে ধরা হয়।
কী বলছে কেন্দ্র?
বন্দর মন্ত্রকের শিপিং ডিরেক্টর ওপেশ কুমার শর্মা বলেন, “ভারত ও ইরানের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে আমরা কীভাবে অগ্রাধিকার নির্ধারণ করি—তা খুব স্বাভাবিক কারণেই আপনাদের বিস্তারিতভাবে বলতে চাই না। আমরা মূলত বিদেশ মন্ত্রকের (MEA) মাধ্যমে এই সমন্বয় রক্ষা করি এবং বর্তমানে এভাবেই কাজ চলছে।”
তিনি জানান যে জ্বালানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের দায়িত্বে থাকা প্রধান মন্ত্রকগুলির সঙ্গে যৌথভাবে জাহাজের অগ্রাধিকার (Vessel Priority) নির্ধারণ করা হয়। তিনি আরও যোগ করেন, “অগ্রাধিকারের বিষয়টি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (MOPNG) এবং সার মন্ত্রকের (Ministry of Fertilisers) সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়। এরপর সেই সমন্বিত অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে আমরা জাহাজগুলিকে সংকটপূর্ণ এলাকা থেকে নিরাপদে বের করে আনার চেষ্টা করি।”
ক’টা ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে?
কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও ১৩টি ভারতের পতাকা যুক্ত জাহাজ হরমুজ প্রণালীর কাছে আটকে রয়েছে। এরমধ্যে একটি এলপিজি ট্যাঙ্কার, পাঁচটি ক্রুড তেলের ট্যাঙ্কার, একটি কেমিক্যাল ট্যাঙ্কার, তিনটি কন্টেনার শিপ, দুটি বাল্ক কেরিয়ার ও একটি ড্রেডগার আটকে আছে।
হরমুজে বিপদ থাকলেও, ঝুঁকি নিয়েই জাহাজ চলছে। এখনও পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে শিবালিক, নন্দা দেবী, জগ লড়কি, পাইন গ্যাস, জগ বসন্ত, গ্রিন সানভি, বিডব্লু টাইর, বিডব্লু এল্ম ভারতে এসে পৌঁছেছে।