ভারতীয়রাই চাকরি খাচ্ছে, রুপার্ট লোয়ের মন্তব্যে বিতর্ক
এই সময়: আমেরিকার পরে এ বার ব্রিটেন— ভারতীয়দের বিঁধে ফের শোনা গেল বর্ণবিদ্বেষী মন্তব্য। বিতর্কের কেন্দ্রে নামজাদা ব্রিটিশ এমপি রুপার্ট লো। রিফর্ম ইউকে-থেকে বেরিয়ে গিয়ে সম্প্রতিই ‘রিস্টোর ব্রিটেন’ নামে অতি-ডানপন্থী দল গড়েছেন তিনি। দেশের অভিবাসন নীতি এবং কর্মসংস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় রুপার্ট সরাসরি দাবি করে বসলেন, ভারতীয় এবং পাকিস্তানিরাই ব্রিটেনের মানুষের চাকরি কেড়ে নিচ্ছেন। তাঁর বিস্ফোরক এক্স পোস্ট— ‘আমি বিশ্বাস করি না যে, আমার বেকার সহনাগরিকরা যে কাজটা সহজেই করতে পারেন, সেটা করার জন্য আমাদের লক্ষ লক্ষ পাকিস্তানি এবং ভারতীয়কে ডেকে আনতে হবে!’ এখানেই শেষ নয়, তাঁর এই মন্তব্য যে সামাজিক ও রাজনৈতিক স্তরে সমালোচনার ঝড় তুলবে, সেটা আন্দাজ করেই পোস্টের শেষ লাইনে তিনি লেখেন, ‘এতে যদি আমাকে বর্ণবিদ্বেষী বলা হয়, তাতেও আমার আপত্তি নেই।’