বয়স ভাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারে মিলছিল টাকা, তদন্ত চায় বিজেপি
এলাকার বিজেপি নেতাদের দাবি, ২৫ বছরের নীচে বয়স এমন যুবতীদের নাম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। যেখানে এই প্রকল্পের সুবিধে পাওয়ার বয়সসীমা সরকারি নিয়মানুযায়ী ২৫ থেকে ৬০ বছর। বিজেপির প্রশ্ন, ২৫ বছর বয়স না হয়েও ওই যুবতীরা কী করে লক্ষ্মীর ভাণ্ডারের-এর সুবিধা পেতে পারেন? ঘটনায় নাম জড়িয়েছে দোঁয়্যা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য পূজা বাগরা ও তাঁর স্বামী সুকুমার বাগরা এবং মনোহরপুর গ্রামের তৃণমূল নেতা গৌতম দণ্ডপাট ও ক্ষীরপাই ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার তাপস দণ্ডপাটের। অভিযোগ, এঁরাই যুবতীদের দেওয়া তথ্যে বয়সের গরমিল করে তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছিলেন। বিজেপির দাবি, মনোহরপুর ও দোঁয়্যা এলাকা মিলিয়ে প্রায় ৩৫ জনের নাম রয়েছে যাঁদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। এঁদের কেউ কেউ আবার বিবাহসূত্রে অন্যত্র চলে গিয়েছেন।