Sougata Roy: ‘সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়’, ভরা রাস্তায় সৌগত রায়কে কাঁচা ডিম ছুড়ল জনতা | Egg Thrown at Sougata Roy Amid ‘Chor’ Slogans Outside Nimta Police Station
সৌগত রায়ের দিকে ডিম ছোড়ার অভিযোগImage Credit: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে উদ্দেশ করে চোর স্লোগান। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম। উত্তর ২৪ পরগনার নিমতা থানার সামনেই ঘটল এই ঘটনা, চরম বিশৃঙ্খলা। তাঁর উদ্দেশে জনতার ভিড়ের মধ্যে থেকে বলা হয়, “এই বুড়ো চোর…” যখন এই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত পুলিশ। তখনই ভিড়ের মাঝে সৌগতকে লক্ষ্য করে ডিম ছোড়েন একজন।
একটি বিশেষ কাজে নিমতা থানায় গিয়েছিলেন সৌগত রায়। কিন্তু সে সময়ে থানার সামনে ভিড় ছিল না। এরপর খবর ছড়াতেই সেখানে ভিড় জমে যায়। সৌগত রায়ের গাড়ির সামনে ভিড় করেন জনতা। তাঁদের মধ্যে বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন। তিনি থানা থেকে বেরোতেই এই পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ পুলিশি নিরাপত্তায় তিনি এলাকা ছাড়েন।
এক বিক্ষোভকারী স্পষ্ট ক্যামেরার সামনে বলছেন, “আমি থাকলে ওনাকে জুতো ছুড়তাম। এ তো সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়!”
এই নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “গণতন্ত্র এটাকে সমর্থন করে না। তবে এটা পরিষ্কার, যেভাবে মানুষ গত ১৫ বছর ধরে মানুষ অবহেলিত হয়েছে, তাতে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ রয়েছে।”
তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “এটা সাধারণ মানুষ করছেন না। ২০২৪ এর নির্বাচনেই তো জিতে সাংসদ হয়েছেন। মানুষ তো তাহলে ওনাকে সাংসদ বানাতেন না। এটা বিজেপিই করাচ্ছে।”