Ranveer Singh FWICE Ban: কেউ কাজ করবেন না রণবীরের সঙ্গে! কড়া শাস্তি কি মাথা পেতে নেবেন অভিনেতা? | FWICE Issues Strict Non Cooperation Directive Against Ranveer Singh Over Don 3 Dispute - 24 Ghanta Bangla News
Home

Ranveer Singh FWICE Ban: কেউ কাজ করবেন না রণবীরের সঙ্গে! কড়া শাস্তি কি মাথা পেতে নেবেন অভিনেতা? | FWICE Issues Strict Non Cooperation Directive Against Ranveer Singh Over Don 3 Dispute

Spread the love

রণবীর সিং (Ranveer Singh) এবং বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বক্স অফিসে তাঁর শেষ ছবি ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) নিয়ে চর্চা থামার আগেই, এবার বড়সড় বিপাকে পড়লেন এই বলিউড সুপারস্টার। ‘ডন ৩’ (Don 3) থেকে আচমকা সরে আসার মাশুল গুনতে হচ্ছে তাঁকে। সোজা কথায়, ফারহান আখতারের (Farhan Akhtar) ছবির সেট ছাড়তেই রণবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। অসহযোগিতার ডাক দিয়ে রীতিমতো বয়কটের মুখে ফেলে দেওয়া হল অভিনেতাকে। কী প্রতিক্রিয়া অভিনেতার?

ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে। গত ১১ এপ্রিল পরিচালক ফারহান আখতার আনুষ্ঠানিকভাবে FWICE-এর কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, শুটিং শুরু হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে আচমকা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান রণবীর। এই সিদ্ধান্তে গোটা প্রোজেক্ট প্রবল ধাক্কা খায়। এরপরই নিয়ম মেনে আসরে নামে ফেডারেশন। প্রযোজক রিতেশ সিধওয়ানি সশরীরে এবং ফারহান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে তাঁদের বিপুল ক্ষতির কথা বিস্তারিতভাবে জানান।

ফেডারেশনের চিফ অ্যাডভাইজর অশোক পণ্ডিত সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তাঁরা দুই পক্ষের কথাই শুনতে চেয়েছিলেন। প্রায় ১০-১৫ দিন অন্তর রণবীরকে তিনটি আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হলেও, অভিনেতার তরফ থেকে কোনও সদুত্তর আসেনি। তিনি আরও জানান, শেষমেশ যখন ফেডারেশন সাংবাদিক বৈঠকের ডাক দেয়, ঠিক তার আগেই রণবীরের টিম পালটা ইমেল পাঠিয়ে দাবি করে যে, এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ারই FWICE-এর নেই!

বিষয়টি যে মোটেও হালকাভাবে নেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন FWICE-এর সভাপতি বিএন তিওয়ারি। তাঁর কড়া বার্তা, “কেউ সুপারস্টার হলেও নিয়মের ঊর্ধ্বে নন। একটা ছবি মাঝপথে বন্ধ হয়ে গেলে হাজার হাজার জুনিয়র আর্টিস্ট ও দিনমজুরের রুটিরুজিতে টান পড়ে। তাদের আর্থিক ক্ষতির দায় কে নেবে?” আর সেই কারণেই অবিলম্বে রণবীরের সঙ্গে অসহযোগিতার নির্দেশিকা জারি করা হয়েছে। এই সমস্যার আইনি মীমাংসা না হওয়া পর্যন্ত সংগঠনের কোনও সদস্য অভিনেতার সঙ্গে কাজ করবেন না।

তবে এই তুমুল বিতর্কের মাঝেও রণবীরের টিম ময়দানে নেমেছে। অভিনেতার মুখপাত্রের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “রণবীর ডন ফ্র্যাঞ্চাইজি এবং গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি গভীর সম্মান রাখেন। তিনি জেনে বুঝেই এতদিন নীরবতা পালন করেছেন, কারণ তাঁর মতে পেশাদার বিষয়গুলি মর্যাদা ও পরিণতমনস্কতার সঙ্গে মেটানোই শ্রেয়।” জল্পনা ও গুজব ছড়ালেও তিনি যে এই কাদা ছোঁড়াছুঁড়িতে কখনও অংশ নিতে চান না, তা বিবৃতিতে স্পষ্ট। বলিউডের অন্দরে কান পাতলে এখন শুধুই এই বিতর্কের চর্চা। জল যে বহুদূর গিয়েছে, তা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান কী করে হয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *