প্রেমঘটিত বিবাদে মারধর, বিবস্ত্র করে ছবি তুলে ব্ল্যাকমেল, আত্মঘাতী যুবক
এই সময়, মালদা: প্রেমঘটিত বিবাদ নিয়ে এক যুবককে গণপিটুনি দেয় তাঁরই একদল বন্ধু। এর পর ওই যুবকের মুখ বন্ধ করতে তাঁর উলঙ্গ ছবি মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগ, প্রায় দু’মাস ধরে ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে পরিবারকে সমস্ত ঘটনার কথা জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি এলাকায়। মৃতের নাম দেবাশিস ঘোষ (২২)। সোমবার মৃতের বাবা ছেলের চার বন্ধুর বিরুদ্ধে ব্ল্যাকমেলিং, আত্মহত্যার প্ররোচনা এবং শারীরিক নিগ্রহের লিখিত অভিযোগ দায়ের করেন ইংরেজবাজার থানায়।