‘দাদাগিরি’ করতে গিয়ে গণপ্রহার, গ্রেপ্তার তৃণমূল নেতা
এই সময়, ময়নাগুড়ি: কথায় বলে, স্বভাব যায় না ম’লে।
ময়নাগুড়ির তৃণমূল নেতা বিপ্লব চাকলাদার ওরফে পাপনের ক্ষেত্রে বিষয়টা তাই হয়েছিল। সরকার বদলে গেলেও নিজের ক্ষমতার অপব্যবহারে রাশ টানতে পারেননি তিনি। তারই জেরে গণধোলাইয়ের পরে শ্রীঘরে যেতে হলো তাঁকে। পদমর্যাদায় তৃণমূলের প্রাক্তন জেলা যুব সম্পাদক পাপনকে শনিবার গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ভোটের ফল ঘোষণার পর থেকেই বেপাত্তা ছিলেন পাপন। শুক্রবার রাতে চুপচাপ বাড়িতে ফেরেন তিনি। শনিবার স্থানীয় একটি হোটেলে খাবার খেতে গিয়ে হম্বিতম্বি করলে স্থানীয়রা পাকড়াও করে উত্তম মধ্যম দেন তৃণমূল নেতাকে। সেখান থেকে কোনওরকমে পালিয়ে বাড়িতে আশ্রয় নেন তিনি। কিন্তু উত্তেজিত বাসিন্দারা সেখানে গিয়েও হামলা শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে পাপান এবং তাঁর পরিবারের লোকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাপনের বিরুদ্ধে জমি দখল, লোকের টাকা হাতিয়ে নেওয়া, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তৃণমূলের নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে ভয় পেতেন।