PM Modi-Georgia Meloni Video:শুধু নাম নয়, উপহারও ‘মেলোডি’, মোদী-মেলোনির রসায়নের নতুন ভিডিয়ো ভাইরাল! | ‘Melodi’ Goes Viral Again: PM Narendra Modi Gifts ‘Melody’ To Giorgia Meloni In New Video
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ভিডিয়ো ভাইরাল।Image Credit: X
রোম: পাঁচ দিনের বিদেশ সফরের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য তিনি নিয়ে গেলেন বিশেষ উপহার। কী সেই উপহার? এক প্য়াকেট টফি। যে সে টফি নয় এটা, পার্লে-র মেলোডি টফি। এর নেপথ্যে রয়েছে মোদী-মেলোনির সম্পর্ক।
দুই রাষ্ট্রনেতার বিশেষ বন্ধুত্ব, রসায়ন আগেই নজর কেড়েছিল সবার। ভালোবেসেই প্রধানমন্ত্রী মোদী ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে ভক্তরা ডাকেন ‘মেলোডি’ বলে। এবার মেলোডিই উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী।
সোশ্যাল মিডিয়ায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোস্ট করেছেন ওই ভিডিয়ো, যেখানে প্রধানমন্ত্রী মোদী মেলোডি টফির প্যাকেট তুলে দিচ্ছেন তাঁর হাতে। হাসিমুখে দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দেন। ভিডিয়োয় মেলোনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী খুব খুব ভালো একটা টফি এনেছেন উপহার হিসাবে”। পাশ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “মেলোডি”। ভিডিয়োর ক্যাপশনেও ইটালির প্রধানমন্ত্রী মেলোনি লিখেছেন, “থ্যাঙ্ক ইউ ফর দ্য গিফ্ট”।
প্রসঙ্গত, মঙ্গলবারই রোমে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানিয়ে ইটালির প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “ওয়েলকাম টু রোম, মাই ফ্রেন্ড!”
একসঙ্গে নৈশভোজ করেন মোদী ও মেলোনি। এরপরে তারা ঐতিহাসিক রোমের কলোজিয়ামেও ঘুরতে যান। ভারত-ইটালির সম্পর্ক আরও মজবুত করা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবিও পোস্ট করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর এই ইটালি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত-ইটালির সম্পর্ক মজবুত করতে জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান ২০২৫-২৯ গ্রহণ করা হয়েছে এবং তা নিয়ে দ্রুতগতিতে কাজ চলছে। ২০২৫ সালে ১৬.৭৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল দুই দেশের মধ্যে।