Arijit Singh's shocking retirement announcement: কেন প্লে ব্যাক থেকে অবসর নেন অরিজিৎ? আসল কারণ জানিয়ে বিস্ফোরক প্রীতম | The Secret Pact: What Arijit Singh Told Pritam Just Hours Before His Retirement Announcement - 24 Ghanta Bangla News
Home

Arijit Singh’s shocking retirement announcement: কেন প্লে ব্যাক থেকে অবসর নেন অরিজিৎ? আসল কারণ জানিয়ে বিস্ফোরক প্রীতম | The Secret Pact: What Arijit Singh Told Pritam Just Hours Before His Retirement Announcement

Spread the love

চাপ নাকি নতুন শুরুর ইঙ্গিত?Image Credit: tv9 network

অরিজিৎ সিং(Arijit Singh), যাঁর কন্ঠের যাদুতে বুঁদ হয়ে থাকে আসমুদ্র হিমাচল, সেই মানুষটাই এই বছর শুরুতেই প্লে ব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সবাই কে চমকে দেন। গত ২৭ জানুয়ারি যখন তিনি নতুন কোনও সিনেমার গান না গাওয়ার কথা ঘোষণা করেন, তখন ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল, কেন? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই রহস্যের ওপর থেকে পর্দা সরালেন খোদ সুরকার প্রীতম। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন সেই রাতের কথোপকথনের কথা, যা বদলে দিয়েছিল বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির চেনা সমীকরণ।

প্রীতম আর অরিজিৎ জুটি বাঁধা মানেই সুপারহিট গানের গ্যারান্টি। ‘চন্না মেরেয়া’ থেকে ‘কেসরিয়া’— এই জুটির ম্যাজিক বারবার দেখেছে দর্শক। প্রীতম জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি নিজে বিরতি নেওয়ার কথা ভাবছিলেন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য সময় দেওয়া এবং নিজের জন্য একটু অবকাশ খুঁজছিলেন এই সুরকার। অরিজিৎকে মজার ছলে তিনি প্রায়ই বলতেন, “আমি এবার অবসর নেব। তারপর তোমার জিয়াগঞ্জে গিয়ে দুজনে মিলে তারাপীঠ ঘুরতে যাব।” কিন্তু অরিজিৎ বোধহয় এই রসিকতাটাকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছিলেন।

ঘটনার সূত্রপাত অবসরের ঘোষণার ঠিক আগের রাতে। প্রীতমের মুখে অবসরের কথা শুনে অরিজিৎ সেদিন সটান বলে বসেন, “যেদিন আপনি রিটায়ার করবেন, সেদিন আমিও করব।” ব্যস, পরের দিন সকালেই সোশাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করে দেন গায়ক। ঘোষণার পর প্রীতমকে ফোন করে অরিজিৎ হেসেই কুপোকাত! মজার ছলে সুরকারকে তাঁর মন্তব্য ছিল, “আমি তো করে দিলাম, কিন্তু আপনার দ্বারা এটা হবে না!” অর্থাৎ, নিজের বন্ধু তথা মেন্টরকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়েই এই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

চাপ নাকি নতুন শুরুর ইঙ্গিত?

প্রীতম মনে করেন, অরিজিতের ওপর কাজের প্রবল চাপ ছিল। প্রতিদিন অজস্র গান গাওয়ার অনুরোধ আর পরিচালকদের আবদার মেটাতে গিয়ে কোথাও কি ক্লান্ত হয়ে পড়েছিলেন শিল্পী? প্রীতমের কথায়, “শিল্পী কখনও অবসর নেন না, সে শুধু একটা লম্বা বিরতি চান।” অরিজিৎ এখন নিজের সিনেমা পরিচালনা করতে চান এবং স্বাধীন মিউজিক (Independent Music) নিয়ে কাজ করতে আগ্রহী। তাই এখনই এই সিদ্ধান্তকে চিরস্থায়ী বিদায় বলতে নারাজ তাঁর ঘনিষ্ঠ মহল। প্রীতম স্পষ্ট করে দিয়েছেন যে, অরিজিতের ওপর যেন অহেতুক চাপ সৃষ্টি না করা হয়। তাঁকে তাঁর মতো বাঁচতে দেওয়া হোক, কারণ হয়তো আরও নতুন কোনও চমক অপেক্ষা করবে শ্রোতাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *