IPL Story: হ্যাটট্রিকের 'হকদার' হিটম্যানও, আইপিএলে এই তালিকায় আর কারা? - Bengali News | Most Hattrick in IPL history, Yuzvendra Chahal to Rohit Sharma check List - 24 Ghanta Bangla News
Home

IPL Story: হ্যাটট্রিকের ‘হকদার’ হিটম্যানও, আইপিএলে এই তালিকায় আর কারা? – Bengali News | Most Hattrick in IPL history, Yuzvendra Chahal to Rohit Sharma check List

Spread the love

আইপিএল শুধুই ব্যাটারদের খেলা? একেবারেই নয়। বোলাররাও একইরকম সফল। শুধু আলোচনাটা একটু কম হয়। কিন্তু হ্যাটট্রিক নিলে! বা কেউ একাধিক হ্যাটট্রিক করে থাকলে? আইপিএলে হ্যাটট্রিক অনেক হয়েছে। সকলের সঙ্গে কয়েকজনের কথা আলাদা করেও বলতে হয়। আইপিএলের ইতিহাসে তিনজন এমন বোলার রয়েছেন যাঁরা একাধিকবার হ্য়াটট্রিক করেছেন। তাঁদের নিয়ে অবশ্যই কথা হবে। তালিকায় এমন অনেকেই রয়েছেন যাঁরা বেসিক্যালি পার্টটাইম বোলার! গোল্ডেন আর্ম বলতেই হয়।

প্রথমে আসা যাক যুবরাজ সিংয়ের প্রসঙ্গে। যুবরাজ সিং একমাত্র যিনি আইপিএলের এক সংস্করণে একাধিক হ্যাটট্রিক নিয়েছেন। ২০০৯ সালের আইপিএলে এই রেকর্ড গড়েছিলেন যুবি। সে বার দক্ষিণ আফ্রিকায় হয়েছিল আইপিএল। পঞ্জাবের হয়ে খেলেছিলেন যুবি। প্রথমটি নিয়েছিলেন ডারবানে আরসিবির বিরুদ্ধে। পরপর তিন বলে তুলে নেন রবিন উথাপ্পা, জ্যাক কালিস ও মার্ক বাউচারকে। দ্বিতীয় হ্যাটট্রিকটি ডেকান চার্জার্সের বিরুদ্ধে। তাঁর শিকার হার্সল গিবস, অ্যান্ড্রু সাইমন্ডস ও ভেনুগোপাল রাও।

এবারের আইপিএলে এখনও অবধি একজনই হ্যাটট্রিক করেছেন। পঞ্জাব কিংসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি। যুবরাজ সিংয়ের মতোই আইপিএল কেরিয়ারে দু-বার হ্য়াটট্রিক। তবে এক মরসুমে নয়। প্রথমবার ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তখন খেলতেন রাজস্থান রয়্যালসের হয়ে। পরপর তিন বলে তুলে নেন শ্রেয়স আইয়ার, শিবম মাভি ও প্যাট কামিন্সের উইকেট।

এ মরসুমে পঞ্জাবের গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম দু-ওভারের স্পেলে প্রচুর রান খরচ করেন। ১৯তম ওভারে চাহাল চমক। দীপক হুডা, অংশুল কম্বোজ ও নুর আহমেদকে তুলে নিয়ে আইপিএলে একাধিক হ্য়াটট্রিক নেওয়া তৃতীয় বোলার হন চাহাল। আরও একটি বিশেষত্ব রয়েছে চাহালের এই দুটি হ্য়াটট্রিকে। দু-বারই ওই ওভারে মোট চারটি উইকেট নেন চাহাল। আইপিএলে যা বিরল।

এরপরই বলতে হয় আইপিএলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক নেওয়া লেগ স্পিনার অমিত মিশ্রর কথা। তিন বার হ্যাটট্রিক করেছেন। প্রথমবার উদ্বোধনী আইপিএল অর্থাৎ ২০০৮ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে। দিল্লির ডেয়ারডেভিলসের হয়ে খেলতেন। রবি তেজা, প্রজ্ঞান ওঝা ও আরপি সিংকে পরপর তিন বলে আউট করে প্রথম হ্য়াটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয় হ্য়াটট্রিক নেন কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২০১১ সালে। খেলেছিলেন ডেকান চার্জাসের হয়ে। রায়ান ম্যাকলারেন, মনদীপ সিং ও রায়ান হ্য়ারিসের উইকেট। এরপর ২০১৩ সালে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের রেকর্ডে নাম লেখান। যা আজও অক্ষত। এই হ্যাটট্রিক পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছিলেন। পরপর তিন বলে ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মা ও অশোক দিন্দার উইকেট নিয়ে হ্যাটট্রিক।

শুরুতেই বলা হয়েছিল, এই লিস্টে একজন স্পেশালিস্ট ব্য়াটারের নামও রয়েছে। তিনি অবশ্য একবারই হ্য়াটট্রিক করেছিলেন। কেরিয়ারের শুরুর দিকে নিয়মিত বোলিং করতেন। তিনি ভারতের ওডিআই ও টেস্ট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। কী, অবাক হলেন? আরে, অবাক হওয়ার এখনও বাকি আছে। হ্যাটট্রিকটি নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন রোহিত। মুম্বইয়ের বিরুদ্ধে অভিষেক নায়ার, হরভজন সিং ও জেপি ডুমিনির উইকেট নিয়ে হ্য়াটট্রিক করেন পরবর্তীতে হিটম্যান হয়ে ওঠা রোহিত শর্মা। তালিকায় আরও অনেকেই রয়েছেন। তাঁদের কথা আজ না হয় থাক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *