তামিলভূমে নয়া টুইস্ট, TVK-কে সমর্থনের ঘোষণা AIADMK-এর বিদ্রোহী গোষ্ঠীর
তামিলনাড়ুতে সরকার গঠনের পরেও অব্যাহত নাটকীয় ঘটনা। প্রকাশ্যে AIADMK-এর অন্তর্দ্বন্দ্ব। শানমুগামের নেতৃত্বাধীন দলের বিদ্রোহী গোষ্ঠী প্রকাশ্যে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল Tamilaga Vettri Kazhagam (TVK)-কে সমর্থনের কথা ঘোষণা করল। এই সিদ্ধান্তকে ঘিরে এআইএডিএমকে-র মধ্যে কার্যত ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে।
বিদ্রোহী শিবিরের নেতৃত্বে থাকা সি ভে শানমুগম দাবি করেছেন, তাঁদের গোষ্ঠীর কাছেই অধিকাংশ AIADMK-এর বিধায়কের সমর্থন রয়েছে। তাঁর কথায়, ‘আমরা মানুষের রায়কে সম্মান করি। মানুষের রায় ছিল বিজয় মুখ্যমন্ত্রী হোন।’ সেই কারণেই তাঁরা TVK সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
শানমুগম আরও গুরুতর অভিযোগ করেছেন। তাঁর কথায়, এআইএডিএমকে প্রধান Edappadi K. Palaniswami অর্থাৎ ইপিএস নাকি সরকার গঠনের জন্য DMK-র সঙ্গে জোট করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়। বিদ্রোহী শিবিরের দাবি, DMK-র সঙ্গে হাত মেলানোর সম্ভাবনাতেই দলের বহু বিধায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পরেই TVK-কে সমর্থনের পথে হাঁটে দলের একাংশ।
প্রসঙ্গত, এর আগে দলে ভাঙনের সম্ভাবনাতেই সরকার গঠনের আগে দলের প্রায় ৩০-৩৫ বিধায়ককে রিসর্টে সরিয়ে দেওয়ার খবর সামনে এসেছিল। সরকার গঠনের ঘোষণার পরেই তাঁদের ছাড়া হয় বলে খবর।
বিধানসভা নির্বাচনে TVK ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। পরে কংগ্রেস, সিপিআই, সিপিএম, VDCK ও IUML-এর সমর্থনে সরকার গঠনের রাস্তা খুলে যায়। TVK সুপ্রিমো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে বুধবার তাঁর সরকারের আস্থা ভোট হওয়ার কথা রয়েছে।
এই পরিস্থিতিতে AIADMK-এর বিদ্রোহী গোষ্ঠীর সমর্থন TVK সরকারের জন্য আরও স্বস্তির বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তামিলনাড়ুর দীর্ঘদিনের DMK- AIADMK দ্বিমুখী রাজনীতির মধ্যে বিজয়ের উত্থান ইতিমধ্যেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। এখন AIADMK-এর ভাঙন সেই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করতে পারে।