TVK-Congress Alliance: বিজয়ের সঙ্গে জোট বাঁধছে কংগ্রেস, সঙ্গে সঙ্গে জুটল ‘বিশ্বাসঘাতক’ তকমা – Bengali News | Congress to Join Hands with Vijay’s TVK to Form Tamil Nadu Govt, Get 2 Minister Post, DMK Calls Congress Backstabber
টিভিকে-র সঙ্গে জোট বাঁধছে কংগ্রেস।Image Credit: PTI
চেন্নাই: তামিলনাড়ুতে পালাবদল। আর ডিএমকে(DMK)-এআইএডিএমকে (AIADMK) নয়, সরকার গড়বে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয়ের দল টিভিকে (TVK)। বিপুল সমর্থন পেলেও, সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। সরকার গড়ার জন্য প্রয়োজন অন্য কোনও দলের সমর্থন। আর সেই সমর্থনের হাতই বাড়িয়ে দিল কংগ্রেস (Congress)।
বিজয়ের জোটসঙ্গী কংগ্রেস-
বিজয়ের টিভিকে সরকার গড়ছে তামিলনাড়ুতে। তাদের শরিক হচ্ছে কংগ্রেস। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিল জানিয়েছেন, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকে দলকে সরকার গঠনে সমর্থন জানাতে সম্মতি দিয়েছে।
তামিলনাড়ু নির্বাচনের ফল প্রকাশের পরই বিজয়কে ফোন করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অভিনন্দন জানানোর পাশাপাশি সমর্থনের প্রস্তাবও দিয়েছিলেন। দলীয় সূত্রে খবর, রাহুল গান্ধী সম্পূর্ণভাবে টিভিকে-কে সরকার গঠনে সমর্থন জানাতে রাজি ছিলেন আগে থেকেই। তবে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে চেয়েছিলেন দিল্লির নেতারা নয়, তামিলনাড়ু কংগ্রেস কমিটিই এই সিদ্ধান্ত নিক। এরপরে ভার্চুয়াল বৈঠকে হয় এবং টিভিকে সরকার গঠনে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
শর্ত দিল কংগ্রেসও-
তবে সমর্থন জানানোর ক্ষেত্রে শর্ত রেখেছে কংগ্রেসও। সাফ জানানো হয়েছে, এনডিএ বা এনডিএ-র শরিক কোনও দলের সঙ্গে যেন হাত না মেলায় টিভিকে। অর্থাৎ এআইএডিএমকে-র সঙ্গে কোনওভাবে জোট না বাঁধে টিভিকে।
কী পাবে কংগ্রেস?
সূত্র মারফত খবর, বিজয়ের দলকে সমর্থন জানানোর পরিবর্তে কংগ্রেস নতুন তামিলনাড়ু সরকারে দুটি মন্ত্রী পদ পেতে পারে।
‘বিশ্বাসঘাতক’ কংগ্রেস-
কংগ্রেসের টিভিকে-কে এই সমর্থনে তামিলনাড়ুর রাজনীতির পট পরিবর্তনও হচ্ছে। এতদিন কংগ্রেস ডিএমকে-র সঙ্গে জোটে ছিল। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল অবধি প্রথমে জোটে ছিল ডিএমকে-কংগ্রেস। এরপর শ্রীলঙ্কান তামিলদের নিয়ে সংঘাতের জেরে জোট ভেঙে যায়। ২০১৬ সালে আবার জোট বাধে দুই দল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দুই দল একসঙ্গে ৩৯টি আসনের মধ্যে ৩৮টিতে জয়ী হয়েছিল। ২০২৪ সালে ৩৯টি আসনেই জয়ী হয়।
কংগ্রেস টিভিকে-কে সমর্থন জানানোর সিদ্ধান্ত ঘোষণা করতেই ডিএমকে তাদের বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দিয়েছে।
ভোট শেষে আসন ভাগাভাগি-
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়ী হয়েছে টিভিকে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি সিট। অর্থাৎ সরকার গড়তে তাদের ১০টি আসনের প্রয়োজন। কংগ্রেস ৫টি আসনে জয়ী হয়েছে। এছাড়া সিপিআই (২টি আসন), সিপিএম (২টি আসন) ও ভিসিকে (২টি)-ও বিজয়ের টিভিকে সরকারে সমর্থন জানাতে পারে।