বিমানবন্দরে রুটি আর নুন দিয়ে অভ্যর্থনা, ঐতিহাসিক সফরে স্লোভাকিয়ায় পৌঁছলেন মোদী
তিন দেশের সফরে স্লোভাকিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মাঝরাতে ব্রাতিস্লাভায় অবতরণ করে তাঁর বিমান। ১৯৯৩-এ ওই দেশের স্বাধীনতা লাভের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফরে গেলেন।
ব্রাতিস্লাভা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রুটি এবং নুন। স্লোভাক ঐতিহ্য অনুযায়ী যা সম্মান এবং আন্তরিকতার প্রতীক। মোদীর অভ্যর্থনার জন্য বিমানবন্দরে বেজে ওঠে ‘বন্দে মাতরম’ গান। স্লোভাক গায়ক-গায়িকারা বৈদিক মন্ত্রও পাঠ করেন।
বিমানবন্দরে নেমে ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা জানিয়ে মোদী X-এ লেখেন, ‘এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার এটাই সুযোগ আমাদের।’ দুই দিনের সফরে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদীর। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে স্লোভাকিয়ার শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
ভারত ও স্লোভাকিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল শিল্প, রেল প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে স্লোভাকিয়ার সঙ্গে সম্পর্ক ভারতের ইউরোপ নীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।
স্লোভাকিয়া সফর সেরে ফ্রান্সে যাবেন মোদী। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। অর্থনীতি, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হবে। তার ফাঁকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।