রং বদলাল প্রশাসনিক ভবন, ক্ষীরপাই পুরভবনে লাগল গেরুয়া প্রলেপ
এই সময়, চন্দ্রকোণা: রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে রং বদলাল ক্ষীরপাই পুরভবন। বিধানসভা নির্বাচনের ফলঘোষণার পরের দিনই নীল–সাদা পুরভবনে লাগল গেরুয়া প্রলেপ।
চন্দ্রকোণা বিধানসভার কেন্দ্রের অন্তর্গত ক্ষীরপাই পুরসভায় ১০টি ওয়ার্ড। গত পুরভোটে ন’টি ওয়ার্ডে জিতে এই পুরসভায় বোর্ড গঠন করে তৃণমূল। এ বারের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে বিজেপির সুকান্ত দোলই ৩৩,৪৮১ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন। ক্ষীরপাই পুরসভার ন’টি ওয়ার্ডে জয়লাভ করেছে বিজেপি। ভোটের ফল ঘোষণা হতেই ক্ষীরপাই পুরসভা ভবনে উড়েছিল বিজেপির পতাকা, লাগানো হয় প্রধানমন্ত্রীর কাট আউট।