বিজয়মিছিলে জেসিবি-তে ‘না’! নিয়ম ভাঙলেই শ্রীঘর! হুঁশিয়ারি সিপির
কলকাতা: বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয়মিছিলকে কেন্দ্র করে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে কোমর বেঁধে নামল কলকাতা পুলিশ। শহরের রাজপথে জেসিবি (JCB) নিয়ে কোনওভাবেই মিছিল করা যাবে না বলে …
কলকাতা: বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয়মিছিলকে কেন্দ্র করে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে কোমর বেঁধে নামল কলকাতা পুলিশ। শহরের রাজপথে জেসিবি (JCB) নিয়ে কোনওভাবেই মিছিল করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। পুলিশের এই নির্দেশ অমান্য করলে শুধু আন্দোলনকারী নয়, জেসিবি মালিকদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। (Kolkata Police ban JCB victory rallies)
পুলিশ কমিশনার কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যে সমস্ত জেসিবি-র মালিকরা বিজয়মিছিলের জন্য এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত নিরাপত্তা এবং যানজটের কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।
অনুমতি ছাড়া মিছিল নয়
বিজয়মিছিলের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন সিপি। তিনি জানিয়েছেন, বিজয়মিছিল করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বিনা অনুমতিতে মিছিল করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
পুলিশি তৎপরতা ও নিরাপত্তা
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ৬৫ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। শান্তি বজায় রাখতে সাধারণ মানুষকে কোনওরকম সমস্যায় পড়লে সরাসরি পুলিশকে ফোন করার পরামর্শ দিয়েছেন কমিশনার অজয় নন্দ। অপ্রীতিকর ঘটনা রুখতে শহরের মোড়ে মোড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।