‘ব্যান কালচার’ বন্ধের আর্জি, BJP-কে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন দেব?
২০০-র বেশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে চলেছে বিজেপি। পদ্মশিবিরের এই জয়ে এ বার শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। গত এক মাস ধরে যিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন, কোচবিহার টু কাকদ্বীপ রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টির এই জয়ে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লেখেন, ‘জনতার রায়ে বাংলায় নতুন সরকার গঠনের জন্য বিজেপিকে অগ্রিম অভিনন্দন। আমি মনে-প্রাণে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে। এবং জনগণের কথা যেন শোনা হয়, এমনটা নিশ্চিত করবে।’
বেশ কিছু দিন ধরেই টলিউড ইন্ডাস্ট্রির ‘ব্যান কালচার’ নিয়ে সরব অভিনেতা। ফেডারেশনের নানা সিদ্ধান্তেও বার বার সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। ইন্ডাস্ট্রির স্বার্থে তাই নতুন সরকারের কাছে তাঁর আন্তরিক অনুরোধ, ‘সাধারণ নাগরিক ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একজন হিসেবে আমি নতুন সরকারকে আন্তরিক ভাবে অনুরোধ করব, বাংলা চলচ্চিত্র জগতের এই নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি ভুলে যেন ঐক্য বজায় রাখার চেষ্টা করা হয়। একই সঙ্গে শৈল্পিক স্বাধীনতাও যাতে বজায় রাখা হয়। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়। এবং এর বিকাশ সম্ভব একমাত্র পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই।’
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের ব্যাপারে সাংসদ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন দেব। নতুন সরকারের কাছে এই প্রকল্প নিয়ে আশাবাদী তিনি। দেব লেখেন, ‘আমি ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন করার ক্ষেত্রেও নতুন সরকারের সমর্থন ও সহযোগিতা আশা করব। যা ঘাটালের মানুষের জন্য একটি দীর্ঘদিনের স্বপ্ন। রাজনীতির ঊর্ধ্বে যা মানুষের জীবন রক্ষা, জীবিকা সুরক্ষিত করা এবং ঘাটালের মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার দেওয়ার বিষয়।’