নদীর গর্ভে বিন্দু বিন্দু সোনায় ওঁরা পাড়ি দেন সংসারের সিন্ধু
রথীন্দ্রনাথ মাহাতো, বান্দোয়ান
খেপা খুঁজে ফেরে পরশপাথর।
আর ওঁরা খুঁজে আনেন সোনা!
সদ্য মিটে যাওয়া ভোটের দু’দফা নিয়ে মাথা ঘামান না বিনোদ শবর, লক্ষ্মী শবর, সহদেব শবর, মণি শবররা। জানেন, কারও দিনবদলের আশ্বাসেই তাঁদের দিন বদলায় না। দু’মুঠো অন্নের সংস্থান করতে সারাটা দিন নদীর জলে ডুব দিয়ে বালি তোলেন ওঁরা। সেই বালিকে কাঠের পাটাতনে রেখে জলে ধুয়ে ছেঁকে তোলেন বিন্দুর মতো সোনার টুকরো। রোজ কি ভাগ্য সঙ্গী হয়? নাহ! তবু কপালজোরে সোনার মুখ দেখলে তা বিক্রি করেই চলে সংসার কোনওক্রমে।