West Bengal Weather Update: ৪ মে রেজাল্টের আগেই জেলায় জেলায় জারি অ্যালার্ট! কোন দিকে ঘুরছে হাওয়া, এল বড় আপডেট – Bengali News | West Bengal Weather Update: Alerts Issued Across Districts Before May 4 Results, Major Update for Summer in Kolkata & West Bengal
তুমুল ঝড়-বৃষ্টিতে ভাসল বাংলা।Image Credit: PTI
কলকাতা: এ যেন উলটপুরাণ! গরম ছাড়াই খাতা খুলল মে মাস। বৃহস্পতিবার ঘণ্টাখানেকের কালবৈশাখী (Kal Baishakhi) ঝড় ও তুমুল বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই। আজও বেশ ঠান্ডা আমেজ। প্রতি বছর মে মাসে যেমন গরম থাকে, এইবারও কি সেইরকম কাঠফাটা রোদ-গরম পড়বে? বড় পূর্বাভাস দিল আবহাওয়া অফিস (Weather Update)।
মে মাসে কাঠফাটা গরমের আশঙ্কা খুব কম। এমনটাই বলছে মৌসম ভবন। বঙ্গবাসীর জন্য বড় স্বস্তির খবর দিল মৌসম ভবন। জানানো হল, মে মাসে কম তাপমাত্রা থাকবে, বাড়তি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে স্বস্তির খবর হল, প্রতি সপ্তাহেই কম-বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভ্যাপসা গরম থাকলেও, তাপপ্রবাহের (Heatwave) আশঙ্কা নেই। এমনটাই বলছে হাওয়া অফিস। ভোটগণনার দিন, ৪ মে-ও বাড়াবাড়ি গরম থাকবে না রাজ্যে।
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ১৯.৮ ডিগ্রিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ভোটগণনার দিনও গরমের বাড়াবাড়ি থাকবে না রাজ্য জুড়ে। আগামী সোমবার কলকাতা-সহ ৮ জেলায় কমলা সতর্কতা রয়েছে। সোমবার ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে। দুর্যোগের কমলা সতর্কতা রয়েছে উত্তরের জেলাতেও। রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড়-বৃষ্টি হবে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস বইবে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।