Ashutosh Gowariker: পরিচালক আশুতোষ গোয়াড়িকরের কাঁধে বড়সড় দায়িত্ব দিল কেন্দ্র – Bengali News | Ashutosh Gowariker named Festival Director for 57th IFFI in Goa
ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক মুখ আশুতোষ গোয়াড়িকরের মুকুটে যুক্ত হল নতুন পালক। গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের (IFFI) গুরুদায়িত্ব দেওয়া হলো তাঁকে। গত দু’বছর এই পদ সামলেছেন প্রথিতযশা পরিচালক শেখর কাপুর। এবার সেই ব্যাটন তুলে দেওয়া হল অস্কার মনোনীত ছবি ‘লগান’-এর নির্মাতাকে।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ভারতীয় সিনেমায় আশুতোষ গোয়াড়িকরের অসামান্য অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দশক ধরে এই উৎসবের সঙ্গে তাঁর নাড়ির টান এবং আন্তর্জাতিক সিনেমা সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগের কারণেই তাঁকে এই সম্মানজনক পদে বসানো হল।
এই বড় দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত পরিচালক আশুতোষ গোয়াড়িকর। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ১৯৮৪ সালে প্রথমবার একজন সাধারণ দর্শক হিসেবে তিনি এই উৎসবে পা রেখেছিলেন। সেই থেকে শুরু করে গত বছর ২০২৪ সালে জুরি সভাপতির দায়িত্ব পালন— এই বিবর্তন তাঁর কাছে এক বিশেষ পাওনা।
আশুতোষ বলেন, “১৯৫২ সাল থেকে শুরু হওয়া এই উৎসবের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার কাছে যেমন সম্মানের, তেমনই এক বড় দায়িত্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং গোয়া সরকারের সঙ্গে এই কর্মযজ্ঞে সামিল হতে আমি মুখিয়ে আছি।”
‘স্বদেশ’, ‘যোধা আকবর’ থেকে ‘লগান’— ভারতীয় সিনেমার বিবর্তনে আশুতোষ গোয়াড়িকরের নাম অনস্বীকার্য। এবার সিনেমার পর্দা ছাড়িয়ে খোদ চলচ্চিত্র উৎসব পরিচালনার গুরুভার তাঁর কাঁধে আসায় খুশি সিনেদুনিয়ার তারকারাও। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পরিচালক।
গোয়ার সৈকতে প্রতি বছরের মতো এবারেও বসবে আন্তর্জাতিক সিনেমার আসর। আর সেই বিশাল কর্মযজ্ঞের প্রধান সেনাপতির ভূমিকায় দেখা যাবে আশুতোষ গোয়াড়িকরকে।