Strait of Hormuz: পুরোপুরি খুলে গেল হরমুজ প্রণালী, তাও কেন তেল-জ্বালানি সরবরাহ আটকে যেতে পারে? – Bengali News | Iran Finally Reopens Strait of Hormuz, Why Global Oil and Fuel Supply May Still Face Disruptions
তেহরান: অবশেষে মিলল স্বস্তি। বিশ্বের জন্য হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দিল ইরান (Iran)। আমেরিকার সঙ্গে যুদ্ধের জেরেই এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছিল ইরান। অবশেষে সেই পথ আবার খুলল। সমস্ত ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। এলপিজি থেকে শুরু করে অন্য জ্বালানি বা তেল আমদানিতে বাধা রইল না।
বৃহস্পতিবার লেবানন ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণার পরই খুশি ইরান। ৪০ দিনেরও বেশি সময় হরমুজ প্রণালী বন্ধ রাখার পর শুক্রবার তারা ফের একবার এই জলপথ সকলের জন্য খুলে দেওয়ার ঘোষণা করেছে।
কতদিন খোলা থাকবে হরমুজ প্রণালী?
সুখবর দিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, যতদিন সংঘর্ষবিরতি চলবে, ততদিন হরমুজ প্রণালী খোলা থাকবে। ইরানের বন্দর ও সামুদ্রিক প্রতিষ্ঠানের দেওয়া নির্দিষ্ট রুট অনুযায়ী জাহাজগুলিকে চলাচল করতে হবে। ইরানের এই সিদ্ধান্তে খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি নিজস্ব সোশ্যাল হ্যান্ডেল- ট্রুথ সোশ্যালে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন।
আমেরিকার ‘কাঁটা’-
তবে ইরান হরমুজ খুললেও জলপথে আর যে বাধা নেই, এমনটা নয়। এর কারণ মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন যে ইরানের বন্দরে ঢুকতে-বেরতে মার্কিন নৈসেনা যে বাধা দিচ্ছিল, তা বর্তমানেও থাকবে। ইরানের সঙ্গে তাদের সংঘর্ষবিরতি চুক্তি ১০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনও জাহাজকে ইরানের বন্দরে ঢুকতে বা বন্ধ করতে দেওয়া হবে না। ভারত যেহেতু ইরানের কাছ থেকে সরাসরি তেল কিনছিল, সেক্ষেত্রে আমেরিকার বাধা ফের নতুন সমস্য়া তৈরি করবে।
বিশ্বজুড়ে সঙ্কট-
ফেব্রুয়ারি মাসের শেষভাগে ইরান-আমেরিকার সংঘাত শুরুর পরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ছাড় দেওয়া হয়েছিল ভারত, চিনের মতো কিছু বন্ধু দেশকে। তবে ইরান-আমেরিকার সংঘাত, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে চরম জ্বালানি সঙ্কট দেখা দিয়েছিল। এলপিজি সঙ্কটও চরমে ওঠে। এবার হরমুজ প্রণালী পুরোপুরিভাবে খুলে যাওয়ায় সেই সঙ্কট অনেকটাই কেটে যাবে বলে আশা করা হচ্ছে।