Meta Layoff: মে মাসেই আবার কর্মী ছাঁটাই! এবার কতজন চাকরি খোয়াবেন? – Bengali News | Meta Layoffs May 2026: More Job Cuts Expected—How Many Employees Will Be Affected?
সান ফ্রান্সিসকো: আবার কর্মী ছাঁটাই! এ যেন এখন বার্ষিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল ফেসবুক-ইন্সটাগ্রামের মালিক সংস্থা মেটা (Meta)। আগামী মাসেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে সংস্থা। এরপর আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে সংস্থার, এমনটাই খবর সূত্রের।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, আগামী ২০ মে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে চলেছে মেটা (Meta)। সংস্থার বিশ্বজুড়ে মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮ হাজারের কাছাকাছি কর্মী চাকরি খোয়াতে পারেন প্রাথমিকভাবে। এরপরে আরও বড়সড় কর্মী ছাঁটাই হতে পারে বলেও খবর।
সূত্রের খবর, চলতি বছরের দ্বিতীয় ভাগে আরও কর্মী ছাঁটাই হবে। তবে কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে, সেই বিষয়ে ঘোষণা করা হয়নি। আগে প্রথম ধাপের কর্মী ছাঁটাইয়ের প্রভাব কতটা পড়ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দক্ষতা কতটা কাজে লাগানো যাচ্ছে, তা পর্যালোচনার পরই দ্বিতীয় ধাপের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।
গত মাসেই শোনা গিয়েছিল যে মেটা ২০ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারে মেটা। ফেসবুক-ইন্সটাগ্রামের মালিক সংস্থা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে মেটা(Meta)-র সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতিই ঘোষণা করেছেন যে কয়েকশো বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে এআই (AI)-র পিছনে। ২০২২ সালের শেষ ভাগ থেকেই মেটা-এ কর্মী ছাঁটাই চলছে। প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। সম্প্রতি অ্যামাজনও ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছিল।