Haldia Money Recover: ভোটের ৪ দিন আগে কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে ময়না থেকে – Bengali News | 1 core sized from moyna assembly before west bengal assembly election
ভোটের আগে টাকা উদ্ধার
Image Credit: Tv9 Bangla
হলদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারেবারে অভিযোগ করছিলেন, ভোটের এ রাজ্যে টাকা ছড়ানো হচ্ছে। তার সেই অভিযোগের মধ্যেই এবার ফের একবার টাকা উদ্ধার হয়। শুধু টাকা নয়, ১৬ টি বেআইনি অস্ত্র সঙ্গে ১ কোটি টাকা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এই নিয়ে বিগত তিন-চারদিন ধরে এলাকা থেকে মোটা ২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
হাতে রয়েছে আর চারদিন। তারপরেই পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে প্রথম পর্যায়ের বিধানসভা ভোট। জেলার ২৫ থানার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নাকা চেকিং। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নন্দকুমার থানার নিকাশি বাজার এলাকা থেকে একটি গাড়ি থেকে প্রথমে এক কোটি টাকা উদ্ধার হয়। শুধু তাই নয়, সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ টি বেআইনি আগ্নেয়াস্ত্র। ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বস্তুত, সব মিলিয়ে মোট ২ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। বিজেপির দাবি, ময়না বিধানসভাতে ওই ১ কোটি টাকা নিয়ে গিয়ে ভোট কেনার চেষ্টা করছিল তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, সমবায় সমিতির ঋণ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপির অভিযোগ ভিত্তিহীন।
তৃণমূল নেতা শিবনাথ সরকার বলেন, “এই টাকাটা তমলুক ঘাটাল যে ব্যাঙ্ক আছে সেই সমবায় সমিতির টাকা। এই টাকার নথিপত্র সব সাবমিট করা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আইন আইনের পথে চলবে। ওখানে প্রার্থীকে জেতাতে এমন কোনও টাকার ব্যবহার করা হয়নি।” বিজেপি নেতা বামদেব গুছাইত বলেন, “কেন্দ্রীয় বাহিনী ১ কোটি টাকা উদ্ধার করেছে। এটা ওরা ভোটে ব্যবহার করছে। বোঝাই যাচ্ছে ময়নায় তৃণমূলের হারের ব্যবধান বাড়ছে।” জেলা পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, “গুলি আর অস্ত্র উদ্ধার হয়েছে। তেরোটি মামলা উদ্ধার হয়েছে। মাসখানেক ধরে তল্লাশি চালাচ্ছি। শুক্রবার ১ কোটি টাকা, আর নন্দকুমারেও অনেক টাকা উদ্ধার হয়েছে। প্রায় দু’কোটি টাকা উদ্ধার হয়েছে। ইনকাম ট্যাক্স এই টাকাটা নিজেদের হেফাজতে নিয়েছে।”