Gold Jewellery Theft: তিলে তিলে টাকা জমিয়ে বিয়ের জন্য তৈরি হয়েছিল গয়না, ফাঁকা বাড়ি থেকে উধাও ১৫ ভরি সোনা – Bengali News | Gold jewellery worth 15 lakh meant for daughter’s wedding stolen from a house in Balurghat while family attended fair
বালুরঘাট: তিলে তিলে টাকা জমিয়ে মেয়ের বিয়ের জন্য তৈরি হয়েছিল গয়না। কিন্তু ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে সেই সব সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরাম থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রামে। পরিবারে দাবি, প্রায় দশ ভরি সোনার গয়না ছিল। আর কিছুই নেই। সঙ্গে নগদ ২০ হাজার টাকা-সহ কাঁসার বাসনপত্রও চুরি হয়েছে। সোনার গয়নার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পতিরাম থানার পুলিশ। পুরোদমে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বই চলছিল মেলা। পরিবারের লোকজন সবাই সেই মেলাতেই যায়। পরিবারের সদস্যদের সন্দেহ আগে থেকেই ওৎ পেতে বসেছিল দুষ্কৃতীরা। বাড়ির সকলে মেলায় চলে যেতেই দেয় হানা।
দু’টি ঘর থেকে আলমারির, লকার সব ভেঙে সোনার গয়না-সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। মেয়ের বিয়ের জন্য একটু একটু করে সোনার গয়না তৈরি করেছিল পরিবার। উজার করে দিয়েছিল নিজেদের যাবতীয় উপার্জন। কিন্তু এখন সেই সোনার গয়না চুরি হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছে সকলের। কার্যত মাথায় হাত মেয়ের বাবার। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহকর্তা উত্তম কুমার সরকার। পরিবারের আর এক সদস্য নরোত্তম সরকার বলছেন, কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এখন আমরা ঘুরে দাঁড়াব কী করে জানি না। ঘটনায় স্বভাতই উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সজল মুখোপাধ্যায়ও।