Income tax raid: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা, কুণাল বললেন ‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’ – Bengali News | Income Tax Raid at Mamata Banerjee nomination Proposer s House in Bhabanipur
কলকাতা: তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বাড়ির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই নিয়ে সবর হল তৃণমূল। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। হারবে জেনে নির্লজ্জের মতো এসব করছে। ভোটের পরিবেশ নষ্ট করছে।”
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী হিসেবে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার একজন প্রস্তাবক হলেন মিরাজ শাহ। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার। তাঁর বাড়িতে আয়কর দফতরের হানা নিয়ে সরব হয়েছে তৃণমূল। ভোট থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এসব করা হচ্ছে বলে রাজ্যের শাসকদলের অভিযোগ।
দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা-
শুক্রবার সকাল থেকে দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করেন আয়কর দফতরের আধিকারিকরা। কিছুদিন আগে দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা হচ্ছে ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে বলে অভিযোগ। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পরই তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তাঁকে ব্যাঙ্কের তথ্য সহ তলব করা হয়।
ওই মামলাতেই এদিন আয়কর দফতর হানা দেয় দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে। এমনকি, তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়। কালীঘাটে তৃণমূলের শ্রমিক নেতা কুমার সাহার বাড়িতেও এদিন তল্লাশি চালায় আয়কর দফতর। আর ওই মামলাতেই এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে হানা দিল আয়কর দফতর। ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ। সূত্রের খবর, গত ৫-১০ বছরে তাঁর আয়ের হিসেব খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। ২০২২ সালেও তাঁর বাড়িতে তল্লাশি হয়েছিল বলে জানা গিয়েছে।
কী বলছেন কুণাল ঘোষ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে তল্লাশি নিয়ে বিজেপিকে নিশানা করে কুণাল বলেন, “রাষ্ট্রযন্ত্রের বিকৃত ব্যবহারের প্রতিবাদ করছি আমরা। এটা হচ্ছে কী? নির্বাচন চলছে। তার মধ্যে কোথায় প্রার্থীদের ডাকছে। কোথায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়িতে হানা দিচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবককে যেভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, তা নিন্দাজনক। বিজেপি বুঝে গিয়েছে, তারা গোহারা হারছে।”