HC on Polling Officers: হাইকোর্টে ধাক্কা কমিশনের, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ – Bengali News | Calcutta HC dismisses Election Commission notification appointing professors as presiding officers in West bengal assembly election
কলকাতা: হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কী কারণে অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছে? হাইকোর্টের প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তারপরই কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে দেওয়া হয়েছে। তবে, যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের ভোটের কাজে কোনও বাধা দেওয়া হয়নি।
অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। বৃহস্পতিবারই মামলার শুনানি কমিশনকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি। তিনি বলেন, “আপনাদের বিজ্ঞপ্তি অনুযায়ী অপনারা তো বিচারকদেরও নিয়োগের ব্যবস্থা রেখেছেন। কোনও অসুবিধা নেই, আমাদের নিয়োগ করুন। আমরা পোলিং অফিসার হিসেবে বুথে ডিউটি করতে যাব।” পাল্টা কমিশনের যুক্তি ছিল, ভোটের মুখে মামলা করার জন্য এখন নতুন করে লোক নিয়োগ করে ট্রেনিং দিয়ে ভোট করানো সম্ভব নয়। কিন্তু, হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এটা কোনও যুক্তি হতে পারে না। একইসঙ্গে কমিশনের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তির ব্যাখা চেয়ে পাঠান বিচারপতি। শুক্রবার সেই সংক্রান্তই মামলা ছিল।
জানা গিয়েছে, শুক্রবারের শুনানিতে তাদের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিতে পারেনি কমিশন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বক্তব্য, কী কারণে কলেজের অধ্যাপকদের বুথে পাঠানো হচ্ছে সেই ব্যাপারে বারবার কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করা হল।