বিক্রম-প্রিয়াঙ্কার ওয়েব সিরিজে কোন মৃ্ত্যুযোগ, চরিত্রদের লুক প্রকাশ্যে – Bengali News | First look of forthcoming webseries TAARKATA a psychological crime thriller
‘তারকাটা’ ওয়েব সিরিজের চরিত্রদের লুক সামনে এলো। শমীক রায়চৌধুরী পরিচালিত এই ওয়েব সিরিজে, একজন প্রাক্তন পুলিশ অফিসার জটিল পরিস্থিতির মধ্যে নিজের শহরে ফিরে আসে একটি গুরুত্বপূর্ণ মৃত্যুর তদন্ত করতে—যা তার চাপা পড়ে থাকা অতীতের সঙ্গে যুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। এটি একটি অ্যাকশনে ভরা সিরিজ, যেখানে ডার্ক হিউমারের স্তর রয়েছে।

ওয়েব সিরিজের প্রধান মুখ হিসাবে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার আর মেইয়াং চ্যাংকে। বিক্রম রয়েছেন অগ্নির চরিত্রে। একজন দারুণ পুলিশ অফিসার হিসেবে শুরু করলেও বর্তমানে সে নিজের ছায়ামাত্র—স্মৃতিভ্রষ্ট, আসক্ত এবং দিশাহীন। প্রিয়াঙ্কা অভিনীত ছন্দা একজন পেশাদার হিসেবে শুরু করে, সে সহানুভূতিশীল, সংযত। এই চরিত্র মৃত্যুকে ক্লিনিক্যালভাবে বোঝে।
মেইয়াং চ্যাং অভিনীত চরিত্রের নাম ডোডো। ডোডো নিজেকে প্রগতিশীল, সমাজসেবী এবং আধুনিক হিসেবে উপস্থাপন করে—কিন্তু তার আকর্ষণ ও বুদ্ধিমত্তার আড়ালে লুকিয়ে আছে চরম নিষ্ঠুরতা। সে নিজেকে খারাপ মানুষ মনে করে না, বরং নিজেকে বিবর্তনের প্রতীক বলে মনে করে। জয়দীপ মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য এবং আয়ুষ দাসকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই ওয়েব সিরিজে। জি ফাইভ বাংলা-তে আসবে এই ওয়েব সিরিজ। তবে কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি।
লক্ষণীয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর কাজে কিছুদিনের বিরতি নিতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। তবে এই ওয়েব সিরিজের শুটিংয়ের মাধ্যমেই তিনি কাজে ফিরেছেন। অন্যদিকে বিক্রম প্রথমবার প্রযোজক হিসাবে টলিউডে কাজ করছেন। প্রযোজক হিসাবে তিনি কতটা সফল হবেন, সেটা দেখার অপেক্ষা।